মাইকেল জ্যাকসনের জুতা ও দস্তানার ছাপ হলিউডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসনের তিন সন্তান প্রিন্স (১৪), প্যারিস (১৩), ব্লাঙ্কেট (৯) সচরাচর জনসমক্ষে আসে না। কিংবদন্তি পিতার প্রতি শ্রদ্ধা জানানোর এক আয়োজনে গত বৃহস্পতিবার তিন ভাইবোন হাজির হয়েছিল হলিউডের গ্রম্যানস চায়নিজ থিয়েটারে। থিয়েটারের বাইরে মাইকেলের প্রতি শ্রদ্ধা জানানোর বিশেষ এক আয়োজনে তাঁর জুতা ও দস্তানার ছাপ সিমেন্টে খোদাই করে রাখা হয়েছে। হলিউডের গ্রম্যানস চায়নিজ থিয়েটারের সামনে সাধারণত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এবং চিত্রপরিচালকদের হাত ও পায়ের ছাপ সংরক্ষণ করা হয়। এখন মাইকেলও একই কাতারভুক্ত হলেন।কিংবদন্তি এ তারকার প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতেই সেখানে তাঁর জুতা ও দস্তানার ছাপ সিমেন্টে খোদাই করে রাখা হয়েছে ওই অনুষ্ঠানের মাধ্যমে। এর ফলে প্রতিবছর লাখ লাখ পর্যটক হলিউডে ঘুরতে এসে মাইকেলের স্মৃতি স্মরণ করার সুযোগ পাবেন।গ্রম্যানস চায়নিজ থিয়েটারে মাইকেল স্মরণে ওই অনুষ্ঠানে হাজির ছিলেন জাস্টিন বিবার, স্মোকি রবিনসনের মতো তারকারা। আরও ছিলেন জ্যাকসনের মা ক্যাথরিন, ভাই টিটো, মারলন, জ্যাকি। ঘণ্টাব্যাপী ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমেডিয়ান ক্রিস টাকার এবং বিখ্যাত সংগীত পরিচালক কুইন্সি জোন্স। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দেশে ক্যাথরিন জ্যাকসন বলেন, ‘এটি খুব সুন্দর আয়োজন এবং আমি জানি যদি মাইকেল এখানে থাকত, সেও এর সঙ্গে একমত হতো। তার বন্ধুরা যারা তাকে ভালোবাসে, সবাই এখানে হাজির হয়েছে। বিশেষ করে তার ভক্তরা তাকে সম্মান জানাতে এখানে এসেছে।’ অনুষ্ঠানে মাইকেলের তিন সন্তান পিতার এক জোড়া জুতা ও বিখ্যাত স্বর্ণের দস্তানার ছাপ সিমেন্টের ওপর খোদাই করে। এরপর তারা ওই সিমেন্টের ওপর নিজেদের আঙুলের ছাপও রাখে। পরে সিমেন্টের ওই কাঠামোটি চায়নিজ থিয়েটারের সামনে স্থাপন করা হয়েছে। এএফপি।