মাউন্ট মেরাপির অগ্ন্যুৎপাতে আরও ছয়জনের মৃত্যু
ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মেরাপিতে গতকাল বৃহস্পতিবার আবার ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটেছে। জ্বালামুখ থেকে এ সময় গলিত লাভা বের হয়ে আসে। অনেক উঁচুতে নিক্ষিপ্ত হয় গরম ছাই ও গ্যাস। এ ঘটনায় নতুন করে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত অগ্ন্যুৎপাতের ঘটনায় মৃতের সংখ্যা ৪৪ জনে পৌঁছেছে। গতকাল অস্ট্রেলীয় কোয়ানটাস এয়ারওয়েজের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে সিঙ্গাপুরে জরুরি অবতরণ করে। এ ঘটনায় মেরাপির অগ্ন্যুৎপাতের যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ আগ্নেয়গিরির আশপাশের আরও হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এ পর্যন্ত ৭৫ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আগ্নেয়গিরি বিশেষজ্ঞরা জানান, দুই হাজার ৯১৪ মিটার উঁচু মাউন্ট মেরাপির সাম্প্রতিক অগ্ন্যুৎপাতের মধ্যে গতকালের তীব্রতা ছিল সবচেয়ে বেশি। এ সময় বৃষ্টির মতো আকাশজুড়ে উত্তপ্ত ছাই ছড়িয়ে পড়ে। আগ্নেয়গিরির ঢাল বেয়ে নামে জ্বলন্ত লাভার ধীর স্রোত। জাভা দ্বীপের সাংস্কৃতিক কেন্দ্র বলে পরিচিত ইয়োগ্যাকার্তার নিকটবর্তী কয়েকটি জনমানবহীন গ্রামে গিয়ে নামে লাভার স্রোত। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির পরিচালক সুতোপো পুরও নুগ্রহো বলেন, আগ্নেয়গিরির লাভা ও উদিগরণ বেড়ে যাওয়ায় দুর্গত লোকজনকে জরুরি আশ্রয়কেন্দ্র আর দূরে সরিয়ে নেওয়া হয়েছে। আগে তা ছিল মেরাপি থেকে ১০ কিলোমিটার দূরে। এখন এটি নেওয়া হয়েছে ১৫ কিলোমিটার দূরে। দুর্গত অনেক লোককে জোর করে আগের আশ্রয়কেন্দ্র থেকে নতুন আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে। পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র বামবাং এরভান জানান, মেরাপির অগ্ন্যুৎপাতের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে ওই এলাকায় উড়োজাহাজের পথ পরিবর্তন করা হয়েছে। তিনি জানান, উড়োজাহাজের এখনকার পথ মেরাপি থেকে উত্তর ও দক্ষিণে সরিয়ে নেওয়া হয়েছে। তবে মেরাপির নিকটবর্তী সুলু ও ইয়োগ্যাকার্তা বিমানবন্দর চালু রয়েছে। প্রত্যক্ষদর্শী ও উড়োজাহাজের যাত্রীরা জানান, গতকাল ৪৩৩ জন যাত্রী ও ২৬ জন ক্রু নিয়ে ক্যানটাস এয়ারবাস এ-৩৮০ সিঙ্গাপুর থেকে সিডনির পথে রওনা হয়। ওড়ার ছয় মিনিট পর এর ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে এটি সিঙ্গাপুরে জরুরি অবতরণ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীরা বলেন, ওড়ার কয়েক মিনিট পর তাঁরা প্রচণ্ড শব্দ শুনতে পান। এ সময় উড়োজাহাজের ইঞ্জিনের কিছু অংশ তাঁরা পড়ে যেতে দেখেন। ইন্দোনেশিয়ার ওপর দিয়ে ওড়ার সময় এ ঘটনা বলে তাঁরা জানান। উল্লেখ্য, এয়ারবাস এ-৩৮০ বর্তমানে বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান। রয়টার্স, এএফপি।