মাউন্ট মেরাপির অগ্ন্যুৎপাতে আরও ৬৪ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট মেরাপি আগ্নেয়গিরি থেকে নতুন করে অগ্ন্যুৎপাতের ঘটনায় গতকাল শুক্রবার কমপক্ষে আরও ৬৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৭০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে ২৬ অক্টোবর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত মেরাপির কয়েক দফা অগ্ন্যুৎপাতের ঘটনায় ৪৪ জনের মৃত্যু হয়। এতে মৃতের সংখ্যা ১০০ জন ছাড়িয়ে গেছে। আগ্নেয়গিরি বিশেষজ্ঞরা হুঁশিয়ার করেছেন, আগামী কয়েক সপ্তাহে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আরও জোরালো হতে পারে।কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার শেষ রাতের দিকে আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বিকট শব্দে উদিগরণ ঘটে। এ সময় ঘণ্টায় অন্তত ১০০ কিলোমিটার বেগে অগ্ন্যুৎপাত হয়। ২০ কিলোমিটার দূর থেকে ওই শব্দ শোনা গেছে। সাদা রঙের ছাইয়ের মেঘে আশপাশের এলাকা ঢেকে যায়। মাউন্ট মেরাপি থেকে চারপাশের অন্তত ২০ কিলোমিটার জুড়ে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল নারী, শিশুসহ ৬৪টি মৃতদেহ হাসপাতালে নেওয়া হয়। গ্যাসের চাপে দম বন্ধ হয়ে ও তাপে ঝলসে তাদের মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ৭০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ইয়োগাকার্তার বিমানবন্দরের রানওয়ে সাদা ছাইয়ে ঢেকে যাওয়ায় গতকাল সেখানে বিমান চলাচল বন্ধ রাখা হয়। এএফপি, বিবিসি।