মাওবাদী আন্দোলন শিক্ষাব্যবস্থার ক্ষতি করছে: অমর্ত্য সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী মাওবাদীদের আন্দোলন ভারতের শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। ভারতের মাওবাদীরা যে পথে চলছে, তার সঙ্গে চীনের নেতা মাও সে-তুংয়ের মতাদর্শের কোনো মিল নেই। সম্প্রতি দিল্লিতে শিক্ষাসংক্রান্ত এক সেমিনারে এসব কথা বলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন। তিনি বলেন, দেশের উন্নয়নের ভিত্তিই হলো শিক্ষার বিস্তার। অথচ সেই শিক্ষার অভাবেই দেশে এখনো চরম দারিদ্র্য রয়ে গেছে। আর এর ফলে দেখা দিয়েছে, জাতি বৈষম্য, ধর্ম নিয়ে সংঘাত, কাজের সুযোগের অভাব ইত্যাদি। মাও মোকাবিলায় বিশেষ বাহিনী: ভারতে মাওবাদী মোকাবিলায় এবার বিশেষ বাহিনী গড়ছে কেন্দ্রীয় সরকার। এই বাহিনীকে মাওবাদী দমনের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যে বাহিনী গড়তে কেন্দ্রীয় সরকার প্রথম পর্যায়ে ৫০০ কোটি রুপি বরাদ্দ করেছে। এ দিকে বুধবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেন, মাওবাদী অধ্যুষিত সাতটি রাজ্যের ৮৫টি জেলায় উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার সমন্বিত উন্নয়নের একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মাওবাদী অধ্যুষিত এলাকাকে উন্নয়নের আওতায় আনা হবে। মাওবাদী মোকাবিলায় পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও ওডিষায় যৌথ বাহিনীর অভিযান চলবে বলেও তিনি জানান।