মাওবাদী দমনের কৌশল নির্ধারণে সিদ্ধান্তহীনতায় ভারত সরকার
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গত শুক্রবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জন্য মাওবাদী বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে। এ নিয়ে বিতর্ক চলতেই পারে। কিন্তু সন্দেহ নেই, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকারের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠেছে এ নকশালবাদীরা। তাঁর সরকার নকশালবাদকে ভারতের সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকট হিসেবে স্বীকার করে নিয়েছে। কিন্তু এ সংকট মোকাবিলায় তারা এ মুহূর্তে সঠিক কৌশল ঠিক করতে পারছে না বলেই মনে হচ্ছে।সরকারের এ সিদ্ধান্তহীনতা নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা ও বোমা মেরে রেললাইন উড়িয়ে দেওয়ার মতো নাশকতামূলক কাজে মাওবাদীদের কৃতিত্ব নেওয়ার সুযোগ করে দিচ্ছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম পাকিস্তানভিত্তিক জঙ্গিবাদ দমনে সাফল্যের পরিচয় দিলেও কীভাবে মাওবাদীদের মোকাবিলা করবেন, তা নিয়ে অনিশ্চতায় রয়েছেন। তাঁর ‘ক্ষমতা সীমিত’—এমন বিবৃতি দেওয়ায় সে দেশের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) চিদাম্বরমের সমালোচনা করেছে। মাওবাদীদের মোকাবিলার বিষয়টি ভারত সরকারের জন্য কেন এত কঠিন, তা সহজেই বোধগম্য। ভারত সরকার এর আগে দেশের একদম মধ্যখানের জঙ্গল ও আদিবাসী এলাকায় এ ধরনের আদর্শিক আন্দোলনের মোকাবিলা করেনি। আগের বেশির ভাগ আন্দোলন-অভ্যুত্থান হয়েছে দেশের সীমান্ত এলাকাগুলোয়। উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় বা কাশ্মীরে সাধারণত সরকার-বিরোধী বিক্ষোভ হয়েছে। এমনকি খলিস্তানী আন্দোলনের উৎসভূমিও হচ্ছে পাকিস্তানের সীমান্তবর্তী পাঞ্জাবে।সীমান্তের ওই সব আন্দোলনে পাকিস্তান ও চীনের ইন্ধন থাকায় সেখানে সামরিক বাহিনীর ব্যবহার ও কঠোর আইনের প্রয়োগ নিয়ে ভারতে সেই অর্থে তেমন কোনো প্রতিবাদ হয়নি। কিন্তু বর্তমানে আদিবাসী এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে সেনাবাহিনী বা বিমানবাহিনী অভিযান চালালে প্রাণহানির ঝুঁকি অনেক বেশি। এমনকি পুলিশ ও আধাসামরিক বাহিনীও অভিযান চালানোর সময় অনেক বেশি সতর্ক থাকে। আর এটাও অস্বীকার করার উপায় নেই, পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা এর আগে জঙ্গল ও পাহাড়ি এলাকায় বিদ্রোহীদের মোকাবিলা করেনি।এখন পর্যন্ত ভারতীয় পুলিশ শহুরে এলাকায় ধর্মীয় দাঙ্গা ও অন্যান্য আন্দোলনের মোকাবিলা করেছে। শহুরে এলাকার এ আন্দোলনকারীরা ইট-পাটকেল এবং বড়জোর ঘরে তৈরি বোমা ও পিস্তল ব্যবহার করেছে। এমনকি ১৯৭০ সালে নকশালবাদীদের উত্থান পর্বেও মূল আন্দোলন হয়েছিল পশ্চিমবঙ্গের শহর এলাকায়। তাই ওই সময় তাদের মোকাবিলা করা পুলিশের জন্য খুব কঠিন হয়নি।কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। মাওবাদীরা ভুল থেকে শিখেছে। প্রথমত, তারা মাওবাদী কমিউনিস্ট পার্টির কর্মী ও সাধারণ লড়াকু জনগোষ্ঠীর সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তুলেছে। দ্বিতীয়ত, তারা এখনো শহর এলাকা এড়িয়ে চলছে এবং গভীর জঙ্গলে তাদের ঘাঁটি গড়ে তুলেছে। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য অভিযান চালানো কঠিন। তা ছাড়া কয়েক দশক ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকা জনগোষ্ঠীগুলোর সমর্থনও সম্ভবত তারা পাচ্ছে। এ কারণেই সরকারের উচিত, শুধু সামরিক অভিযান না চালিয়ে ওই সব অঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ডের দিকে নজর দেওয়া। ক্ষমতাসীন ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সদস্যরাও চান, মাওবাদী সমস্যা মোকাবিলায় দ্বিমুখী কৌশল অবলম্বন করা হোক।মাওবাদী বিদ্রোহীদের দমনে সরকারি পদক্ষেপের ব্যাপারে বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরমকে সমর্থন করছে। এ ধরনের নিরপেক্ষ সমর্থন ভারতীয় রাজনীতিতে বিরল। গত এপ্রিলে ছত্তিশগড় রাজ্যের দান্তেওয়াড়ায় মাওবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৭৬ জন সদস্য নিহত হওয়ার পর চিদাম্বরম পদত্যাগপত্র জমা দিলে বিজেপির নেতারা সেটা ফিরিয়ে নেওয়ার জন্য তাঁকে আন্তরিকভাবেই আহ্বান জানান। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মার্কসিস্টও (সিপিআই-এম) সরকারের প্রতি সমর্থন জানিয়েছে।তবে কংগ্রেসের অনেক নেতাই মনে করেন, বর্তমানের সামরিক পদক্ষেপ এ সংকট সমাধানে যথেষ্ট নয়। দলের বেশ কয়েকজন নেতা বলে আসছেন, সমস্যা সমাধানের জন্য সুবিধাবঞ্চিত এলাকাগুলোয় উন্নয়ন কর্মসূচি চালু ও বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরু করা উচিত।