ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, পশ্চিমবঙ্গসহ আরও তিন রাজ্যে মাওবাদী দমনের জন্য যৌথ বাহিনীর অভিযান চলবে। তবে তারা সহিংসতা ছেড়ে আলোচনায় বসতে চাইলে বসতে পারে। মাওবাদী দমনের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের গৃহীত অপারেশন গ্রিন হান্ট যথারীতি চলবে বলেও জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ ব্যাপারে রূপরেখাও তৈরি হয়ে গেছে। গতকাল মঙ্গলবার কলকাতায় অনুষ্ঠিত এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।মাওবাদী দমনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা ও বিহারের মুখ্যমন্ত্রীদের এই বৈঠকে ডেকেছিলেন। বৈঠক হয়েছে কলকাতার পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় মহাকরণে। বৈঠকে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কসহ চার রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে যোগ দেননি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী শিবু শোরেন ও বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। তবে তাঁদের প্রতিনিধিরা যথারীতি যোগ দেন এই বৈঠকে।বেলা সাড়ে ১১টায় শুরু হয় এই বৈঠক। বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘মাওবাদী দমনে আমাদের যৌথ বাহিনীর অভিযানে সাফল্য এসেছে। আমাদের এই অভিযানের উদ্দেশ্য মানুষ খুন নয়, মাওবাদী এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই অভিযানের পাশাপাশি এলাকার উন্নয়ন করতে। তিনি বলেন, ‘মাওবাদীরা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না। আমরা চাই মাওবাদীদের খুনোখুনি বন্ধ করে এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে।’ তিনি আরও বলেন, ‘অপারেশন গ্রিন হান্ট চলবে। কীভাবে চার রাজ্যে সমন্বয় করে যৌথ বাহিনীর অভিযান চালানো হবে, তার রূপরেখা আমরা তৈরি করেছি। আমরা সেই রূপরেখা নিয়েই মাওবাদীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাব। পি চিদাম্বরম বলেন, মাওবাদীরা হিংসার পথ ছাড়লেই কেবল আলোচনায় বসা সম্ভব।এদিকে কেন্দ্রীয় সরকারের গৃহীত অপারেশন গ্রিন হান্টের প্রতিবাদে গত রোববার থেকে মাওবাদী প্রভাবিত পাঁচ রাজ্যে শুরু হওয়া ৭২ ঘণ্টার বনধ্ গতকাল শেষ হয়েছে। রাজ্য পাঁচটি হলো-ঝাড়খন্ড, ওড়িশা, বিহার, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গ। গতকালও মাওবাদীরা ঝাড়খন্ডের ধানবাদের কাছে বিস্ফোরণ ঘটিয়ে রেললাইন উড়িয়ে দেয়।এ ছাড়া বিহারের জামুই জেলার নারগঞ্জ স্টেশনে বিস্ফোরণ ঘটিয়ে রেললাইন উড়িয়ে দেওয়া হয়। ঝাড়খণ্ডের গিরিডি জেলার দুটি স্থানে বিস্ফোরণ ঘটিয়ে রেললাইন উড়িয়ে দেয় মাওবাদীরা। এর একটি নিমিয়াঘাট স্টেশন, অন্যটি হলো করমাবাদ স্টেশনের অদূরে। এ ছাড়া মাওবাদীরা নিমিয়াঘাটে একটি বিদ্যালয়েও বিস্ফোরণ ঘটায়।