মাওবাদী হামলায় পুলিশসহ নিহত ৮
পশ্চিমবঙ্গের বীরভূম জেলা ও ঝাড়খন্ডের সীমান্তবর্তী দুমকা জেলার শিকারিপাড়া থানায় মাওবাদীদের হামলায় গতকাল বৃহস্পতিবার রাতে আটজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন ভোটকর্মী ও দুজন ঝাড়খন্ডের পুলিশ। তাঁরা ভোট শেষে ফিরছিলেন।
গতকাল ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বের ভোট নেওয়া হয়েছে। ভোট শেষে ভোটকর্মী ও পুলিশ একটি গাড়িতে করে ঝাড়খন্ডের সীমান্তবর্তী এলাকা দুমকায় ফিরছিলেন। এ সময় সারসাকুল জঙ্গলের মধ্যে মাওবাদীদের পেতে রাখা ভূমিমাইন বিস্ফোরিত হয়। এতে ওই গাড়ির আটজন নিহত হন।
পুলিশ জানায়, ভোটকর্মীদের নিয়ে যাওয়ার পথে মাওবাদীরা ভূমিমাইনের বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর তারা গুলি ছোড়ে। এ সময় ওই গাড়ির পেছনে নজরদারিতে থাকা কেন্দ্রীয় পুলিশ বাহিনীর সদস্যরা মাওবাদীদের ওপর পাল্টা গুলি ছোড়েন। দুই পক্ষের মধ্যে কমপক্ষে ৪০ মিনিট ধরে গুলিবিনিময় চলে। পরে মাওবাদীরা পালিয়ে যায়।
দুমকার পুলিশ সুপার নির্মল কুমার মিশ্র বলেন, হামলায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের রাজধানী রাঁচির হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে। গতকাল ঝাড়খন্ডে লোকসভা নির্বাচনের শেষ পর্বে তিনটি আসনে ভোট নেওয়া হয়। দুমকা এর অন্যতম আসন।