মাওবাদীদের দমনে মুখ্যমন্ত্রীদের সঙ্গে মনমোহন ও চিদাম্বরমের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেশের নিরাপত্তা নিয়ে গতকাল রোববার দিল্লিতে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। এ বৈঠকে ভারতের মাওবাদীদের দমনের ওপর জোর দেওয়া হয়। আঞ্চলিক স্তরে বিভিন্ন রাজ্য নিয়ে গঠিত কো-অর্ডিনেটিং কাউন্সিলের মাধ্যমে এ কাজ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ভারতের সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন পি চিদাম্বরম। খবর বিবিসির।বৈঠকে বিভিন্ন রাজ্য নিয়ে মধ্য ভারতে এবং পশ্চিম ভারতে যে কো-অর্ডিনেটিং কাউন্সিল গঠিত হয়েছে, তা জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। আগে এই জোরদার অভিযান কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করত। এখন তা বিকেন্দ্রীকরণ করা হয়েছে। এ ছাড়া রাজ্য স্তরে গত কয়েক বছরে পুলিশের যে পদগুলো খালি হয়েছে ২০১১ সালে মার্চের মধ্যে তা পূরণ করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে রাজ্য সরকারগুলোকে বাড়তি অস্ত্র সরবরাহ করা হবে। বৈঠকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।বৈঠকে পশ্চিমবঙ্গ সরকার মাওবাদীদের দমনে বাড়তি অর্থ ও অস্ত্রের দাবি জানায়। এ ব্যাপারে পি চিদাম্বরম বলেন, পশ্চিমবঙ্গ সরকারের এ দাবির প্রতি তাঁর নৈতিক সসর্থন রয়েছে। তবে বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।মাওবাদীদের দমনের ব্যাপারে পি চিদাম্বরম বলেছেন, যৌথ অভিযানকে যুদ্ধস্তরে নিয়ে যেতে হবে। তিনি ভারতের সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সরকারের সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশ সরকার ভারতকে আশাতীত সাহায্য করেছে। ভারতে জঙ্গি তত্পরতা দমনে বাংলাদেশ সরকার যে ধরনের সহযোগিতা করেছে তার প্রশংসা করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।