জ্ঞানেশ্বরী ট্রেনে নাশকতার প্রশ্নে নিজের অবস্থান পরিবর্তন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাশকতার পর তিনি এ ঘটনায় সিপিএমের জড়িত থাকার অভিযোগ করেছিলেন; নিয়েছিলেন মাওবাদীদের পক্ষ। এবার নাশকতার জন্য মাওবাদীদেরই দায়ী করলেন।গত বছরের ২৮ মে পশ্চিম মেদিনীপুরের সরডিহার কাছে ওই ট্রেনে নাশকতার ঘটনা ঘটে। এতে ১৬০ জন নিহত হয়। ঘটনার দুই দিন পর অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের ৮১টি পৌরসভার নির্বাচন। নির্বাচনী প্রচারণায় মমতা এ নাশকতার জন্য পশ্চিমবঙ্গের তৎকালীন ক্ষমতাসীন দল সিপিএমকে দায়ী করেন। পরে কলকাতা পৌর করপোরেশন ও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হয়। এসব নির্বাচনী প্রচারণায়ও তিনি এ নাশকতার জন্য সিপিএমকে দায়ী করেন।বুধবার মাওবাদীদের হাতে নিহত পুরুলিয়ার দুজন তৃণমূল কর্মীর প্রতি সম্মান জানানোর জন্য তাঁদের মরদেহ আনা হয়েছিল কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে। কর্মীদের শ্রদ্ধা জানাতে ফুল দেওয়ার সময় মমতা বলেন, জ্ঞানেশ্বরী ট্রেনে নাশকতার পেছনে ছিল মাওবাদীরা।পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা সূর্যকান্ত মিশ্র বলেছেন, মুখ্যমন্ত্রীকে সুর বদল করলেই চলবে না, পুরোনো মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে।