মাওবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ভারতের
ভারত মাওবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে। মাওবাদীদের হামলায় নিরাপত্তাবাহিনীর ৭৬ জন সদস্য নিহত হওয়ার পর গতকাল বুধবার ভারত সরকার এ অঙ্গীকার ব্যক্ত করে। খবর এএফপির। গত মঙ্গলবার ছত্তিশগড় রাজ্যের দান্তেওয়াড়া জেলার চিন্তালনার এলাকার কাছে মুকরানা জঙ্গলে মাওবাদীদের হামলায় ওই ৭৬ জন নিহত হন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম বলেন, মাওবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তবে তিনি বলেন, বিদ্রোহীদের দমনে সেনাবাহিনী পাঠানো হবে না। সেখানে বিমানবাহিনী ব্যবহার করা হবে কি না, এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।চিদাম্বরম বলেন, মাওবাদীরা যদি অস্ত্র সমর্পণ করে, তবে সরকার তাদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছে। মাওবাদীদের বিদ্রোহ ১৯৬৭ সাল থেকে শুরু হয়। বর্তমানে ভারতের ২৯টি রাজ্যের মধ্যে ২০টি রাজ্যে তাদের কার্যক্রম বিস্তৃত হয়েছে। গত বছরের শেষ দিকে ভারতের উত্তর ও পূর্বাঞ্চলের মাওবাদী-অধ্যুষিত এলাকায় সরকার ‘অপারেশন গ্রিন হান্ট’ শুরু করে। এরপর থেকে মাওবাদীদের পাল্টা হামলা বেড়ে গেছে।