মাওবাদীদের বিরুদ্ধে ভারতজুড়ে অভিযান শুরু হচ্ছে মার্চে
জীবনের মূলস্রোতে ফিরে আসার জন্য কেন্দ্রীয় সরকার বারবার আবেদন জানালেও তাতে সাড়া দিচ্ছে না মাওবাদীরা; বরং বিভিন্ন রাজ্যে পুলিশ ও নিরীহ মানুষের ওপর তাদের আক্রমণ অব্যাহত রয়েছে। এ অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী মার্চ মাস থেকে মাওবাদী-প্রভাবিত রাজ্যে যৌথ বাহিনীর অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সর্বশেষ খবরে জানা গেছে, মাওবাদী-অধ্যুষিত রাজ্যের অন্তত ৫০ জন শীর্ষস্থানীয় নেতাকে ধরার জন্য বৃহস্পতিবার থেকে অভিযান শুরু করেছে কেন্দ্রীয় সরকার।বর্তমানে ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, বিহার, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশসহ বিভিন্ন রাজ্যের প্রায় ১৮০টি জেলায় মাওবাদীরা সক্রিয় রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে গত জুন মাস থেকে যৌথ বাহিনীর অভিযান চলছে। ১১টি রাজ্যে আগামী মার্চ মাসের অভিযানে শামিল হবে অন্তত ৬০ হাজার আধাসামরিক বাহিনীর জওয়ান। এদের মধ্যে থাকবে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ বাহিনী, সিআরপিএফ, বিএসএফ এবং আইটিবিপি বা ইন্দো-তিব্বত পুলিশ বাহিনী।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম এর আগে মাওবাদীদের জীবনের মূলস্রোতে ফিরে আসার আহ্বান জানান। লোকসভায় মাওবাদীদের নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, মাওবাদীরা জীবনের মূলস্রোতে ফিরলে তাদের পুনর্বাসনের সার্বিক ব্যবস্থা নেবে সরকার। দেওয়া হবে পুনর্বাসনের প্যাকেজ।