ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মাওবাদীদের নাশকতামূলক তৎপরতা রুখে দিতে রাজ্য সরকারগুলোকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার রাজধানী নয়াদিল্লিতে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রী মনমোহন সিং মুখ্যমন্ত্রীদের প্রতি এই আহ্বান জানান।বৈঠকে অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক একটি যৌথ প্রস্তাব পাস হয়। কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীরা মাওবাদীদের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ প্রতিহত করতে সর্বশক্তি নিয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যে গত ২৫ মে মাওবাদীদের হামলায় কংগ্রেস দলের রাজ্য সভাপতিসহ বেশ কয়েকজন নিহত হন। বৈঠকের যৌথ প্রস্তাবে ওই ‘নির্মম ও বর্বর’ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। প্রস্তাবে বলা হয়, রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য ওই হামলা চালানো হয়।বৈঠকে প্রধানমন্ত্রী মনমোহন বলেন, রাজ্য ও কেন্দ্রের যৌথ প্রচেষ্টায় মাওবাদীদের নাশকতা ঠেকানো সম্ভব। এ কারণে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে একযোগে কাজ করতে হবে।প্রধানমন্ত্রীর বক্তব্যের পর যৌথ প্রস্তাব পাস হয়।ছত্তিশগড়ের হামলা সম্পর্কে প্রস্তাবে বলা হয়, ‘এটা স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর সরাসরি হামলা। মাওবাদীরা সহিংস তৎপরতার মাধ্যমে ভারতের সংবিধান ও সংসদীয় গণতন্ত্র উৎখাত করতে চায়। এই তৎপরতা সর্বশক্তি দিয়ে প্রতিহত করতে হবে।’প্রস্তাবে মাওবাদী-অধ্যুষিত রাজ্যগুলোর যুব সম্প্রদায়কে সংঘাতের পথ ছেড়ে দেওয়ার এবং গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক লক্ষ্য অর্জনের চেষ্টা করার আহ্বান জানানো হয়। বৈঠকে মুখ্যমন্ত্রীরা ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে, অর্থমন্ত্রী পি চিদাম্বরমসহ গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত ছিলেন।দিল্লির বৈঠকে যোগ দেওয়ার আগে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং এনডিটিভিকে বলেন, ‘মাওবাদীদের সঙ্গে আলোচনার সময় পার হয়ে গেছে। এ ধরনের অপশক্তির সঙ্গে আপস করার প্রশ্নই আসে না। আমরা লড়াই শুরু করেছি এবং তা চালিয়ে যাব।’ টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।