মাওবাদীদের সহযোগিতা করায় যাবজ্জীবন
মাওবাদী বিদ্রোহীদের সহযোগিতা করার দায়ে ভারতে এক চিকিৎসককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অপরাধে আরও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। রায়পুরের একটি আদালত গতকাল শুক্রবার এ রায় দেন।ভারতের মধ্যবর্তী রাজ্য ছত্তিশগড়ে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন বছর আগে বিনায়ক সেন নামের ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সরকারের বিরুদ্ধে মাওবাদীদের সংঘবদ্ধ করতে তিনি শহরকেন্দ্রিক একটি নেটওয়ার্ক গড়ে তুলতে সাহায্য করেন। এ সময় তিনি মাওবাদী নেতা ও একজন ব্যবসায়ী উভয় ভূমিকায় কাজ করেন।রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিনায়ক সেন কেঁদে ফেলেন। তাঁর স্ত্রীও ভেঙে পড়েন। বিনায়কের আইনজীবী জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে আবেদন করা হবে।ছত্তিশগড়ে উপজাতীয় লোকজনের চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন বিনায়ক সেন। এই মানবসেবার জন্য তিনি ২০০৮ সালে যুক্তরাষ্ট্র-ভিত্তিক গ্লোবাল হেলথ কাউন্সিল প্রবর্তিত জোনাথন ম্যান অ্যাওয়ার্ড পান।গ্রেপ্তারের পর গত বছর বিনায়ক সেন জামিনে মুক্তি পান। এরপর তিনি নিয়মিত আদালতে হাজিরা দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেন।বিনায়ক গ্রেপ্তার থাকাকালে ২২ জন নোবেল বিজয়ী ভারত সরকারের কাছে চিঠি দিয়ে এ গ্রেপ্তারের সমালোচনা এবং তাঁর মুক্তি দাবি করেন। এএফপি।