মাওবাদীদের সাত দিনের মধ্যে অস্ত্র সমপর্ণের নির্দেশ মমতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের উদ্দেশে বলেছেন, গোপনে নয়, পারলে সামনে এসে লড়াই করুন। একই সঙ্গে সাত দিন সময় বেঁধে দিয়ে বলেন, এ সময়ের মধ্যে মাওবাদীরা অস্ত্র ফেলে শান্তির জন্য আলোচনায় আসতে পারে। গতকাল শনিবার পশ্চিমবঙ্গের মাওবাদী-অধ্যুষিত জঙ্গলমহলের ঝাড়গ্রামে এক জনসভায় তিনি এসব কথা বলেন। মমতা বলেন, ‘মাওবাদীদের রুখতে হবে ঐক্যবদ্ধভাবে। আমরা রক্তের রাজনীতি চাই না। আমাদের লড়াই শান্তি ও গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে। তাই ওদের বন্দুক ফেলে আসতে হবে আলোচনায়। শান্তি ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। তাই সাত দিনের সময় দেওয়া হলো। এর মধ্যেই অস্ত্র ফেলে আলোচনার টেবিলে বসতে হবে।’ মমতা বলেন, ‘মানুষ খুনের রাজনীতি পছন্দ করে না। মানুষের ক্ষতি হলে মানুষ ওদের ছেড়ে কথা বলবে না। আমরা চাই না, মানুষের ক্ষতি হোক। জঙ্গলমহলে রক্তপাত হোক।’