মাওবাদীদের ৪৮ ঘণ্টার ভারত বনেধর ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মাওবাদী) পলিটব্যুরো সদস্য কোটেশ্বর রাও ওরফে কিষেনজিকে হত্যার প্রতিবাদে আগামী ৪ ও ৫ ডিসেম্বর টানা ৪৮ ঘণ্টার ‘ভারত বন্ধ’ ডাক দিয়েছে মাওবাদীরা। একই সঙ্গে কাল মঙ্গলবার থেকে ‘প্রতিরোধ সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে।গতকাল রোববার কিষেনজির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে মাওবাদী সমর্থকসহ সর্বস্তরের হাজারো জনতা। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে গতকাল তাঁর নিজের এলাকা অন্ধ্র প্রদেশের করিমনগর জেলার পেড্ডাপল্লিতে মাওবাদী সমর্থক, বিপ্লবী লেখক, গায়ক, বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মীসহ অন্তত ১০ হাজার লোক জড়ো হয়। কিষেনজিকে শ্রদ্ধা জানানোর সময় মাওবাদী সমর্থকেরা বলেন, এটা তাঁদের সেই কমরেডের প্রতি শেষ ‘লাল সালাম’, যিনি নিপীড়িত মানুষের জন্য কাজ করতে ৩৫ বছর আগে পরিবারের মায়া ত্যাগ করে আন্দোলনে যোগ দিয়েছিলেন। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মাওবাদী) পলিটব্যুরো সদস্যরা বেলা একটার দিকে পৃথকভাবে তাঁদের রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার রাতে কলকাতা থেকে বিমানে করে কিষেনজির মরদেহ অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদে আনা হয়। পশ্চিমবঙ্গ সরকার কিষেনজির মরদেহ তুলে দেয় তাঁর ভাতিজি দীপা রাও এবং অন্ধ্র প্রদেশের বিশিষ্ট বামপন্থী কবি ভারভারা রাওয়ের হাতে। জি নিউজ ও হিন্দুস্তান টাইমস।