মাওবাদীদের ‘হিটলিস্টে’ তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ও নেতার নাম
পশ্চিমবঙ্গের গোয়েন্দা দপ্তর মাওবাদীদের করা একটি হিটলিস্ট সংগ্রহ করে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এই হিটলিস্টে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কের নাম রয়েছে।সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের নেত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় গেলে তিনি মাওবাদী সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। জঙ্গলমহল থেকে যৌথ বাহিনী প্রত্যাহার করারও কথা বলেছিলেন তিনি।এই প্রতিশ্রুতি পেয়ে মাওবাদীরা ঘোষণা দিয়েছিল, তারা মমতাকেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা মাওবাদী সমস্যা সমাধানের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণাও করেন। কিন্তু যৌথ বাহিনী প্রত্যাহার না করায় মাওবাদীরা ক্ষুব্ধ হয়। এরপর তারা তৃণমূলের নেতা-কর্মীদের হত্যা করা শুরু করে।এরপর মমতাও মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেন যৌথ বাহিনীকে। পরে মাওবাদীরা তৃণমূলের মন্ত্রী, নেতা ও কর্মীদের টার্গেট করে হিটলিস্টও তৈরি করে ফেলে। রাজ্যের গোয়েন্দা দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া ওই হিটলিস্টে সাংসদ শুভেন্দু অধিকারী, মন্ত্রী সুকুমার হাঁসদা, মন্ত্রী শান্তিরাম মাহাত, বিধায়ক চূড়ামণি মাহাত, দুলাল মুর্মু, শ্রীকান্ত মাহাত, তৃণমূলের নেতা মুকুল রায়, দেবাশীষ চৌধুরী, অঘোর হেমব্রম, মনোরঞ্জন মাহাত, শ্রীকান্ত মাহাত; মাওবাদী প্রতিরোধ কমিটির নেতা নিশীথ মাহাত প্রমুখের নাম রয়েছে।