মাছ বিক্রেতা বনে গেলেন পপতারকা!
ভাগ্যান্বেষণে এক বছর আগে যুক্তরাজ্যে পাড়ি জমান মুহাম্মদ শহীদ নাজির (৩১)। স্বপ্ন পূরণ হয়েছে পাকিস্তানি এই যুবকের। কিন্তু এরপর যা পেলেন, তা স্বপ্নের চেয়ে বেশি কিছু! মাছের দোকানে সুর তুলে তুলে ক্রেতাদের ডেকে ইউটিউবে এখন তাঁর লাখ লাখ ভক্ত। অস্ট্রেলিয়া থেকে আমেরিকায় ছড়িয়ে পড়েছে তাঁর গানের সুর।পূর্ব লন্ডনের কুইন্স মার্কেটের একটি মাছের দোকানে চাকরি করেন নাজির। তাঁর কাজ ক্রেতা ডাকা। কিন্তু অন্য আর দশজনের মতো না করে তিনি নিজস্ব ঢঙে, সুরে সুরে ক্রেতাদের আকৃষ্ট করেন। দরাজ গলায় সুর তোলেন, ‘কাম অন লেডিস, কাম অন লেডিস, ওয়ান পাউন্ড ফিশ।’ ব্যস, তাঁর এই গানই মনে ধরেছে সবার। মাছ কিনুক আর না-ই কিনুক, পথচারীরা দোকানটির সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে অন্তত একবার ঢুঁ মারে। নাজিরের গান শুনে তবেই তারা যায়।শুধু কি পথচারী! ইউটিউবে ছড়িয়ে পড়েছে নাজিরের গান। বিশ্বখ্যাত ব্যান্ড আর শিল্পীদের কল্যাণে তা পেয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয়তাও। যুক্তরাষ্ট্রে শিশুদের ব্যান্ডদল মাইন্ডলেস বিহেভিয়ার ও ব্রিটিশ পপতারকা আলিসা ডিক্সনের মতো শিল্পীরা নাজিরের গানটি গেয়েছেন। ইউটিউবে এ পর্যন্ত ৩৬ লাখ বার গানটি শুনেছে ভক্তরা। এক গানেই বাজিমাত। মাছ বিক্রেতা থেকে রীতিমতো তারকা বনে গেছেন নাজির।নাজিরের দাবি, তাঁর এই জনপ্রিয়তা নতুন কিছু নয়। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও গোটা ইউরোপ থেকে দলে দলে মানুষ আসে তাঁর গান শুনতে। তিনি বলেন, তারা অন্য কিছুর জন্য নয়, ওয়ান পাউন্ড ফিশ গানের মানুষটির জন্যই এখানে আসে। তাঁর গানের কথাগুলো এমন, ‘নারীরা চলে আসুন, নারীরা চলে আসুন। দেখুন আর কিনুন। এক পাউন্ড মাছ। খুবই ভালো, খুবই সস্তা। এক পাউন্ড মাছ।’ দ্য গার্ডিয়ান ও বিবিসি।