মাছ-মাংস কোনো কিছুই টানল না তাঁকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ রাষ্ট্রপতিকে সংবর্ধনা। টেবিলে তাই নানাপদের খাবার। পশুপাখির মাংস তো আছেই। আছে নানা মাছ দিয়ে তৈরি সুস্বাদু খাবার। কিন্তু কোনো কিছুই টানল না তাঁকে। তিনি খেলেন ডাল-ভাত আর সবজি। ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের কথা বলা হচ্ছে। বর্তমানে তিনি চীন সফর করছেন। ছয় দিনের সফরে বৃহস্পতিবার বেইজিং পৌঁছান তিনি। চীনা প্রেসিডেন্ট হু জিনতাও তাঁকে অভ্যর্থনা জানান। গ্রেট হলে দেওয়া হয় এই সংবর্ধনা। সেখানেই ঘটেছে এ ঘটনা।নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতের রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেওয়া উপলক্ষে চীনা কর্তৃপক্ষ নানা সুস্বাদু খাবারের আয়োজন করেছিলেন। কিন্তু তিনি সেসব খাবারের কোনোটাই গ্রহণ করেননি। তিনি খেয়েছেন ভাত, ডাল ও সবজি। সবজির মধ্যে ছিল লাউ। ওই কর্মকর্তা জানান, চীনা লোকজন খুবই ভোজন রসিক। তাঁদের খাদ্য তালিকায় মাছ-মাংস থাকেই। শাকসবজির প্রতি তাঁদের আগ্রহ কম। নিরামিষভোজী প্রতিভা পাতিল চীনা খাবারের এ সংস্কৃতি সম্পর্কে জানতেন। তাই তিনি নিজের পছন্দের খাবার ভারত থেকে নিয়ে এসেছেন। সঙ্গে বাবুর্চিও এনেছেন। তাঁরাই প্রেসিডেন্টের জন্য তাঁর নিত্যনৈমিত্তিক পছন্দের খাবার তৈরি করে দিচ্ছেন। কর্মকর্তা বলেন, প্রতিভা পাতিলের খাবারের তালিকা খুবই সাদামাটা। তিনি ভাত, ডাল ও সবজি পছন্দ করেন। প্রেসিডেন্টের পছন্দ সম্পর্কে তাঁর বাবুর্চিদের ভালো করেই জানা। অন্য কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, বেইজিংয়ের বিলাসবহুল হোটেল র‌্যাফলসে উঠেছেন প্রতিভা পাতিল ও তাঁর সফরসঙ্গী স্বামী দেবীসিং রামসিং শেখাওয়াত, জামাতা জয়েশ রাঠোর এবং নাতি ধ্রুবেশ রাঠোর। হোটেলের একটি বিশাল স্যুটে অবস্থান করছেন তাঁরা। এই স্যুটে অন্যান্য সুবিধার পাশাপাশি বিশাল একটি রান্নাঘরও রয়েছে। প্রতিভা পাতিলের ব্যক্তিগত বাবুর্চিরা সেখানে বসেই তাঁর জন্য পছন্দের খাবার তৈরি করছেন। তাঁরা জানান, শুধু প্রতিভা পাতিল নন; তাঁর স্বামী, জামাতা ও নাতির জন্যও তাঁদের পছন্দের খাবার তৈরি করে দিচ্ছেন বাবুর্চিরা। প্রতিভা পাতিলের খাবারের যাবতীয় উপকরণ একটি বড় স্টিলের বাক্সে করে চীনে নেওয়া হয়েছে। বাক্সটির ওপরে বড় অক্ষরে লেখা ‘গ্রোসারি’। ভারতীয় ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্টের চীন ভ্রমণের জন্য আমরা তাঁর পছন্দের সবকিছুই বহন করছি। তিনি কি পছন্দ করেন তা আমাদের জানা আছে। সেই অনুযায়ী আমরা সবকিছু ব্যাগ বোঝাই করে এয়ার ইন্ডিয়ায় চেপেছি। এ ব্যাপারে আমাদের পুরোপুরি প্রস্তুতি রয়েছে।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।