মাছের মাধ্যমে পায়ের পরিচর্যা
যুক্তরাজ্যে আজকাল একটি টোটকা পরিচর্যা জনপ্রিয়তা পেয়েছে। তা হচ্ছে, মাছের মাধ্যমে পা পরিষ্কার করা, যা ‘ফিশ পেডিকিউর’ বলে পরিচিত। তবে বিশেষজ্ঞরা বলছেন, পায়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য মাছের মাধ্যমে এই পরিচর্যায় রোগ ও সংক্রমণ ছড়ানোর ঝুঁকি রয়েছে।যুক্তরাজ্যের অনেক জায়গায় রয়েছে মাছের মাধ্যমে এই পা পরিচর্যার ব্যবস্থা। এসব প্রতিষ্ঠান ‘স্যালন’ বলে পরিচিত। ব্রিটিশ মুদ্রায় এতে ১০ থেকে ৫০ পাউন্ড ব্যয় হয়। এই পরিচর্যা পদ্ধতিতে একটি পানিভর্তি চৌবাচ্চায় দুই পা কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হয়। ওই পানিতে থাকে বেশ কিছু তুর্কি কার্প মাছ। দাঁতহীন এই মাছগুলো ঠুকরে ঠুকরে মরা ত্বক ও ময়লা খেয়ে পা পরিষ্কার করে।বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, এ ধরনের পরিচর্যায় গুরুতর রোগ দেখা দিতে পারে। ছড়াতে পারে সংক্রমণ। যুক্তরাজ্যের হেলথ প্রটেকশন এজেন্সি বলেছে, এটি এখন ব্যাপক তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে।বিশেষজ্ঞরা বলেন, কোনো কোনো স্যালনে গারা রুফা নামে এক ধরনের ছোট মাছও ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের ১৪টি অঙ্গরাজ্যে নিষিদ্ধ করা হয়েছে মাছটি। এর কারণ হচ্ছে, মাছটির মাধ্যমে একজনের থেকে আরেকজনের মধ্যে রোগ সংক্রমণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে কারও পায়ে যদি ছোঁয়াচে ক্ষত থাকে, তাহলে তা অন্যজনের মধ্যে এই মাছের মাধ্যমে ছড়াতে পারে।বিষয়টি জানার পর এ ব্যাপারে তদন্তু শুরু করেছে হেলথ প্রটেকশন এজেন্সি। সংস্থাটির একজন মুখপাত্র বলেন, এসব ছোট মাছের মাধ্যমে পায়ের পরিচর্যা পদ্ধতি স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, তা খতিয়ে দেখতে তারা তদন্ত শুরু করবে। ডেইলি মেইল অনলাইন।