মাঝে মাঝে চকলেট খেলে ওজন কমে!
বেশি চকলেট খাওয়া শরীরের ওজন বাড়ার অন্যতম কারণ বলেই সবাই জানে। কিন্তু নতুন এক গবেষণা বলছে, প্রায়ই চকলেট খেলে শরীরের ওজন বরং কমে। এক গবেষণায় দেখা গেছে, যারা হঠাৎ হঠাৎ চকলেট খায়, তাদের চেয়ে সপ্তাহে যারা কয়েকবার চকলেট খায়, তাদের ওজন কম। যুক্তরাষ্ট্রের প্রায় এক হাজার লোকের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। এ ক্ষেত্রে তাদের খাদ্যাভ্যাস, ক্যালোরি গ্রহণের মাত্রা এবং বিএমআই (বডি ম্যাস ইনডেক্স) বা ওজন ও দৈর্ঘ্যের অনুপাত বিবেচনায় নেওয়া হয়। গবেষকেরা বলছেন, চকলেটে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকলেও এতে এমন কিছু উপাদানও আছে, যা শরীরের ওজন কমাতে সাহায্য করে। তবে এ ক্ষেত্রে নিয়মিত ব্যায়াম করার মতো কিছু বিষয়ও বিবেচনায় নেওয়া হয়। এ গবেষণার ফল প্রকাশ হয়েছে আর্কাইভস অব ইন্টারনাল মেডিসিনে। এতে বলা হয়েছে, শরীরের ওজন কমানোর ক্ষেত্রে আপনি কী পরিমাণ চকলেট খেয়েছেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, কতবার চকলেট খেয়েছেন। গবেষক দলের প্রধান ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিয়েট্রিস গোলম্ব বলেন, ‘শরীরের ওজনের ক্ষেত্রে ক্যালরির চূড়ান্ত প্রভাব কী হবে তা যে শুধু এর পরিমাণ নয়, গঠনের ওপরও নির্ভর করে আমাদের গবেষণা দৃশ্যত সে তথ্যের প্রতিই সমর্থন জোগাচ্ছে।’ চকলেট যে স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে, বিজ্ঞানীরা তা এবারই প্রথম বলছেন না। আগেকার কিছু গবেষণায়ও বলা হয়েছে, চকলেট হূৎপিণ্ডের জন্য ভালো। রক্তচাপের ইতিবাচক পরিবর্তন, ইনসুলিন স্পর্শকাতরতা ও কোলেস্টেরলের মাত্রার ক্ষেত্রে নির্দিষ্ট কয়েক ধরনের চকলেট শরীরের উপকার করেছে। তবে খুশিতে আটখানা হয়ে আরেকটি চকলেটের দিকে হাত বাড়ানোর আগে এখনো অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হবে। চকলেট খাওয়ার ক্ষেত্রে সতর্কতা বজায় রাখারই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, বেশি মাত্রায় খেলে অবশ্যই তা ক্ষতিকর। কেননা এতে সাধারণত প্রচুর চিনি ও স্নেহজাতীয় পদার্থ থাকে, যা মোটা হওয়ার জন্য দায়ী। স্থূলতার জন্য কেউ খাদ্যাভ্যাস পরিবর্তন করতে চাইলে তার জন্য সবচেয়ে ভালো হবে বেশি করে তাজা ফল ও সবজি খাওয়া। বিবিসি।