মাটি সংগ্রহ করবে কিউরিওসিটি
মঙ্গলপৃষ্ঠ থেকে এই প্রথম মাটির নমুনা সংগ্রহ করতে যাচ্ছে কিউরিওসিটি। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) রোবটযানটি ‘লাল গ্রহ’ থেকে ইতিমধ্যেই বেশ কিছু ছবি তুলে পাঠিয়েছে।নাসার বিজ্ঞানীরা বলেন, কিউরিওসিটি এ সপ্তাহান্তেই (শনি/রবি) তাঁর ঝিনুকের মতো খন্তা দিয়ে মঙ্গলপৃষ্ঠে খননকাজ শুরু করবে। কিছু সময় পরে এটি গবেষণার জন্য একটি বড়ির (ওষুধ) আকারের বালুর নমুনা তুলে সংযুক্ত পরীক্ষাগারে পাঠাবে। দীর্ঘ এই প্রক্রিয়াটিতে জটিল যন্ত্রপাতি ব্যবহার করা হবে। প্রকৌশলীরা বলছেন, এসব যন্ত্রপাতি কার্যকরভাবে ব্যবহারের কৌশল জানতে সময় লাগবে।কিউরিওসিটির আরেক নাম মঙ্গলগ্রহে ভ্রাম্যমাণ বিজ্ঞান গবেষণাগার (এমএসএল)। এটি আগামী কয়েক সপ্তাহব্যাপী মঙ্গলপৃষ্ঠ থেকে সংগৃহীত বিভিন্ন উপাদান নিয়ে পরীক্ষা চালাবে। কিউরিওসিটি ইতিমধ্যে কয়েকটি পরীক্ষা চালিয়েছে এবং সেগুলোর ফলাফল নতুন আশা জাগাতে পারে। মঙ্গলপৃষ্ঠে আগ্নেয় শিলা থেকে বালুর উৎপত্তি বলে বিজ্ঞানীদের ধারণা।মঙ্গলগ্রহে ২০০৯ সালে ফিনিক্সের অনুসন্ধানী অভিযানে সেখান থেকে নমুনা সংগ্রহে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল। নাসার জেট প্রপালশন গবেষণাগারের (জেপিএল) বিজ্ঞানী ড্যানিয়েল লিমোনাডি বলেন, ফিনিক্সের সামর্থ্য ছিল তুলনামূলক অনিয়ন্ত্রিত। সেটি মাত্র একবারই নমুনা সংগ্রহের চেষ্টা করতে পেরেছিল। কিন্তু কিউরিওসিটি ভিন্ন প্রক্রিয়ায় একাধিকবার সেই চেষ্টা চালাবে।পৃথিবী থেকে সাড়ে ২২ কোটি কিলোমিটার দূরে (গড় দূরত্ব) অবস্থিত মঙ্গলগ্রহে অবতরণের পর কিউরিওসিটি এ পর্যন্ত প্রায় ৪৮৪ মিটার অতিক্রম করেছে। এটি সেখানে আরও প্রায় ১৭৬ মিটার পথ পাড়ি দেবে। কিউরিওসিটির পাঠানো বেশ কয়েকটি ছবি দেখে বিজ্ঞানীরা গত সপ্তাহে ধারণা করেন, মঙ্গলপৃষ্ঠে সুদূর অতীতে খরস্রোতা নদীর প্রবাহ ছিল। বিবিসি।