মাটির ‘সুস্বাদু’ স্যুপ ও শরবত
মা, মাটিকে কে না ভালোবাসেন। কিন্তু এই মাটি খাওয়ার কথা নিশ্চয়ই কেউ কখনো ভাবেন না। তবে এ মাটি দিয়েই জাপানের রেস্তোরাঁয় মজার স্যুপ, শরবতসহ নানা পদের খাবার পরিবেশন করছেন একজন বাবুর্চি।রাসায়নিক মুক্ত মাটি দিয়ে খাবার তৈরির ইচ্ছা তোশিও তানাবে নামের এই বাবুর্চির অনেক দিনের পুরোনো। জাপানের রাজধানী টোকিওর শহরতলিতে ২০ বছর ধরে একটি ফরাসি রেস্তোরাঁ চালান তিনি। পুরোনো ইচ্ছাকে কয়েক সপ্তাহ আগে বাস্তবে রূপ দিয়েছেন তিনি। রেস্তোরাঁয় আসা ক্রেতাদের তিনি মাটির খাবারে আপ্যায়িত করছেন। আগ্রহী ক্রেতাদের তিনি মাটির স্যুপ খাইয়ে পরিবেশন কাজ শুরু ও মাটির শরবত খাইয়ে তা শেষ করেন।অভিনব এই খাবার মেন্যু প্রসঙ্গে তোশিও বলেন, ‘মানুষ সমুদ্র, বাতাস বা মাটি তৈরি করেনি। এগুলো সবই প্রকৃতির অংশ। এগুলো নিজেদের অধিকারবলেই প্রকৃতিতে টিকে থাকে।’ তিনি আরও বলেন, ‘আমি এমন খাবারের মধ্য দিয়ে এই অনুভূতিরই প্রতিফলন ঘটাতে চাচ্ছি।’ পেশাগত মুষ্টিযোদ্ধা থেকে ২০ বছর বয়সে বাবুর্চির কাজে মনোনিবেশ করেছিলেন তোশিও তানাবে। সে সময় টোকিওতে খুলে বসেন ফরাসি রেস্তোরাঁ। আর আট বছর ধরে ক্রেতাদের মধ্যে ধীরে ধীরে মাটির খাবারের প্রতি আগ্রহ সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন তিনি। এই কাজে প্রথম প্রথম তিনি ‘বিশুদ্ধ’ মাটি খুঁজতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। বেশ গভীর করে খুঁড়ে একদম নিচ থেকে শুরু করেন মাটি তুলে আনা।শুরুতে একদম পরিষ্কার ও রাসায়নিক পদার্থবিহীন মাটি খুঁজে পাওয়াটা খুব কষ্টসাধ্য ছিল। বর্তমানে টোকিওভিত্তিক একটি প্রতিষ্ঠান তাঁকে প্রতিদিন এক কেজি করে পরিশোধিত মাটি সরবরাহ করে। পরীক্ষা-নিরীক্ষার পর এই মাটির পরিশুদ্ধতা নিশ্চিত করা হয়। তোশিওর দাবি, এতে মানুষের জন্য ক্ষতিকর কিছুর অস্তিত্ব নেই। তানাবে বলেন, সংগৃহীত মাটি হালকা আঁচে রান্না করে এর আসল ঘ্রাণ দূর করা হয়। বিশেষ চালনির সাহায্যে আলাদা করা হয় ক্ষুদ্র বালুকণা। তানাবের এই খাবার মেন্যু অবশ্য অত সস্তা নয়। এর স্বাদ পেতে গুনতে হবে জাপানি মুদ্রায় ১০ হাজার ইয়েন (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে আট হাজার)।হিরোমি ফুজি অনেকের মতোই রেস্তোরাঁর একজন নিয়মিত ক্রেতা। তিনি বলেন, ‘এখানেই আমার জীবনের প্রথম মাটির স্যুপ খাওয়া। এটা কিছুটা বালু বালু লেগেছে, তবে মন্দ লাগেনি। যেন সবজির স্যুপ। আমার এটা পছন্দ হয়েছে।’ আরেক ধাপ এগিয়ে তানাবের কথায়, এই খাবার হজমে সহায়তাকারী এবং স্বাস্থ্যের জন্য উপকারী খনিজে ভরা!’ রয়টার্স।