মাঠ ছাড়ছেন না লুতফুর

যুক্তরাজ্যে ভোট জালিয়াতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে মেয়র পদ হারানো বাংলাদেশি বংশোদ্ভূত লুতফুর রহমান আইনি লড়াই চালানোর পাশাপাশি রাজনীতির মাঠেও সক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন।
আদালতের রায়ে নির্বাচন থেকে নিষিদ্ধ লুতফুর রহমান কাউন্সিলের হাউজিং বিষয়ক কেবিনেট মেম্বার রাবিনা খানকে নিজের সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি হলে ‘ডিফেন্ড ডেমোক্রেসি ইন টাওয়ার হ্যামলেটস’ শীর্ষক এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

টাওয়ার হ্যামলেটসের লেবার এবং টোরি পার্টি এককাট্টা হয়ে তাঁর পেছনে লেগেছে অভিযোগ করে লুতফুর রহমান বলেন, লেবার কিংবা টোরি নয়; ১১ জুন অনুষ্ঠেয় মেয়র পদের পুনর্নির্বাচনে আবার স্বতন্ত্র মেয়র নির্বাচিত হবে।
নির্বাচনে ধর্মের অপব্যবহার, বর্ণবাদের আশ্রয় গ্রহণ এবং কাউন্সিলের আর্থিক অনুদান দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে আদালত গত ২৩ এপ্রিল লুতফুর রহমানকে মেয়র পদ থেকে বহিষ্কার করেন। পাশাপাশি নির্বাচনে পাঁচ বছর তাঁকে নিষিদ্ধ করা হয়। বর্তমান ডেপুটি মেয়র অলিউর রহমান ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় মনোনয়ন নিয়ে বিরোধের জের ধরে ২০১০ সালে লেবার দল থেকে বহিষ্কৃত লুতফুর রহমান গত বছরের ২২ মে দ্বিতীয় মেয়াদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন।
মেয়র পদ থেকে লুতফুর রহমানকে সরানোর ওই রায়ের প্রতিক্রিয়ায় আয়োজিত সমাবেশে বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের পাশাপাশি দেশটির বামধারার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, যে প্রক্রিয়ায় লুতফুর রহমানকে সরানো হয়েছে তা গণতন্ত্রের প্রতি হুমকি স্বরূপ। কোনো জুরি বোর্ড ছাড়াই সম্পাদিত এই বিচার প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। লুতফুর রহমান যুক্তরাজ্যে প্রাতিষ্ঠানিক ‘বর্ণবাদের’ শিকার হয়েছেন বলে তাঁরা মন্তব্য করেন।
মেয়র পদ হারালেন লুতফুর রহমান
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লেবার পার্টির নির্বাহী কমিটির সদস্য ক্রিস্টিন শক্রফট, স্টপ দ্য ওয়ার কোয়ালিশনের লিন্ডসি জার্মান, শ্রমিক অধিকার সংগঠন ইউনাইটেড ইউনিয়নের প্রধান এন্ড্রু মারি, সরকারে ব্যয় কর্তন বিরোধী সংগঠন পিপলস অ্যাসেম্বলির আহ্বায়ক জন রিস, সামাজিক ন্যায়বিচার কর্মী সালমা ইয়াকুব, গ্রেটার সিলেট কাউন্সিলের নুরুল ইসলাম মাহবুব প্রমুখ। যুদ্ধবিরোধী নেতা জর্জ গ্যালওয়ে এবং লন্ডনের সাবেক মেয়র কেন লিভিংস্টোন ভিডিও বার্তায় সমাবেশে বক্তব্য দেন।
শুরু থেকেই তাঁর প্রতি নানা ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে লুতফুর রহমান বলেন, গণতন্ত্রের আদিভূমি যুক্তরাজ্যের আদালতের এমন রায়ে বিস্মিত। এই রায়ের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের (জুডিশিয়াল রিভিউ) আবেদনের প্রক্রিয়ায় থাকা লুতফুর আইনি খরচ যুগিয়ে সহায়তার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। আগের মামলায় হেরে যাওয়ায় লুতফুর রহমানকে প্রায় ১০ লাখ পাউন্ডের বেশি অর্থ গুনতে হবে।
টাওয়ার হ্যামলেটসে আগামী ১১ জুন মেয়র পদে পুনর্নির্বাচন হবে। এই নির্বাচনে লেবার পার্টি গ্রেটার লন্ডন অথোরিটি মেম্বার জন বিগসকে ইতিমধ্যে তাদের দলীয় প্রার্থী বলে ঘোষণা দিয়েছে। গত নির্বাচনে জন বিগস লুতফুর রহমানের কাছে প্রায় সাড়ে তিন হাজার ভোটে পরাজিত হন। এবার জন বিগসের লড়াই হবে লুতফুর রহমান সমর্থিত প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত রাবিনা খানের সঙ্গে। লুতফুর রহমানের জুডিশিয়াল রিভিউর আবেদন গৃহীত হলে নির্বাচনে স্থগিতাদেশ (ইনজাংশন) আসতে পারে বলেও মনে করা হচ্ছে।
বাংলাদেশের সিলেটের বালাগঞ্জের সিকান্দরপুরে জন্ম নেওয়া লুৎফুর রহমান লেবার দলের রাজনীতিক ছিলেন। ২০১০ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচনের মনোনয়ন নিয়ে বিরোধের জের ধরে তিনি লেবার দল থেকে বহিষ্কৃত হন। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি লেবার দলের প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। ২০১৪ সালে তিনি নিজের প্রতিষ্ঠিত টাওয়ার হ্যামলেটস ফার্স্ট দলের ব্যানারে নির্বাচন করে আবারও বিজয়ী হন। এই নির্বাচনে টাওয়ার হ্যামলেটস ফার্স্ট দলের প্রচার নিয়ে নানা বিতর্ক ওঠে। শেষ পর্যন্ত নির্বাচনে ধর্মের ব্যবহার, বর্ণবাদ, পোস্টাল ভোটে জালিয়াতি, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও আর্থিক প্রভাবের অভিযোগ এনে নির্বাচন বাতিল চেয়ে আদালতে পিটিশন দাখিল করেন সেখানকার চারজন বাসিন্দা। গত ২ ফেব্রুয়ারি এই পিটিশনের শুনানি শুরু হয়। উভয় পক্ষের অর্ধ শতাধিক সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। পরীক্ষা করা হয় পোস্টাল ব্যালটগুলো। এতে উল্লেখযোগ্যসংখ্যক ব্যালটে অসংগতি ধরা পড়ে। গত ২৩ এপ্রিল লুতফুর রহমানকে মেয়র পদ থেকে বহিষ্কারের পাশাপাশি নির্বাচনে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।