মাতলামি করায় বহিষ্কৃত হয়েছিলেন জিহাদি জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ এমওয়াজি ওরফে ‘জিহাদি জন’
মোহাম্মদ এমওয়াজি ওরফে ‘জিহাদি জন’

জিম্মিদের শিরোশ্ছেদ করে আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে আসা আইএস জঙ্গি ‘জিহাদি জন’কে (যাকে পরবর্তীতে মোহাম্মদ এমওয়াজি হিসেবে সনাক্ত করা হয়েছে) ২০০৯ সালে মাতলামি ও অশোভন আচরণ করায় তাঞ্জানিয়ায় ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। তাঁকে বিমানবন্দর থেকে আটকের পর সেখান থেকেই ফেরত পাঠানো হয়েছিল।
তাঞ্জানিয়ার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে বলে বিবিসি দাবি করেছে।
সম্প্রতি মোহাম্মাদ এমওয়াজি এক ই-মেইল বার্তায় বলেছেন, ২০০৯ সালে তিনি তাঞ্জানিয়ায় ​যাওয়ার পর সেখানে পুলিশ তাঁকে অন্যায়ভাবে আটক করে। জঙ্গি সংগঠন আল শাবাবের সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি তাঞ্জানিয়ায় গিয়েছিলেন বলে পুলিশ অভিযোগ করে। এমওয়াজির অভিযোগ, এ সব কিছুই হয়েছিল যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই ৫ এর নির্দেশনামতে। ওই ঘটনা তাঁকে জঙ্গি হতে প্ররোচিত করে বলে তিনি দাবি করেন।
এক প্রতিবেদনে বিবিসি বলেছে, যে পুলিশ কর্মকর্তা এমওয়াজিকে আটক করেছিলেন, তিনি বিবিসির পূর্ব আফ্রিকা প্রতিনিধি এড থমাসকে ভিন্ন গল্পই বলেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, এমওয়াজির বক্তব্য সঠিক নয়। অশোভন আচরণ ও মাতলামি করায় তাঁকে আটক করে বিমানবন্দর থেকেই তাঁকে ফেরত পাঠানো হয়। তিনি বিবিসিকে বলেন, বিমানবন্দরে বিশৃঙ্খল আচরণের জন্য তাকে বিমানবন্দরের জেলখানায় নিয়ে যাওয়া হয়। সে সময়কার কাগজপত্রেও দেখা যায়, এমওয়াজিসহ তাঁর দুই বন্ধুকে আমস্টারডামে ফিরে যেতে বলা হয়। তাঁরা রাজি না হলে বিমানবন্দরের হাজতে আটকে রাখা হয়।
ওই পুলিশ কর্মকর্তা ছাড়াও বিমানবন্দরের একজন অভিবাসন কর্মকর্তা জানান, এমওয়াজি জোরপূর্বক তানজানিয়ায় ঢোকার চেষ্টাও করেন। তিনি আরও বলেন, ওই সময় এমওয়াজি বলেন ‘আমাকে এই দেশে (তানজানিয়ায়) ঢুকতে দাও। তুমি এখানে কিছুই না, আবর্জনা (রাবিশ) মাত্র।’ ওই কর্মকর্তা দাবি করেন এমওয়াজিকে আটকের জন্য তাদের কাছে কোনো দেশ বা সংস্থার নির্দেশনা ছিল না।
এমওয়াজি দাবি করেছিলেন, ওই ঘটনার সময় তাঁকে নির্যাতন করা হয়। ফলে তিনি হতভম্ব হয়ে পড়েছিলেন। পরে যা তার জীবনে ব্যাপক প্রভাব ফেলে। তবে তাঁর এ দাবি নাকচ করে দিয়েছেন ওই অভিবাসন কর্মকতা। তিনি বলেন, তাঁকে নির্যাতন করার দাবি সত্য নয়। অভিবাসনের মামলাগুলো খুব স্পর্শকাতর। খুব সাবধানতার সঙ্গে এগুলো দেখা হয়। এখানে অভিযুক্তদের স্পর্শ করা হয় না, করা হয় না নির্যাতনও।