মাতৃ-পিতৃপরিচয়হীন শিশুদের ‘বাবা’ হতে যাচ্ছেন জারদারি
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দেশটির জাতীয় তথ্যভান্ডার কর্তৃপক্ষকে মাতৃ-পিতৃপরিচয়হীন শিশুদের বাবার নামের জায়গায় তাঁর নাম লিপিবদ্ধ করার প্রস্তাব দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।ন্যাশনাল ডেটাবেইস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটির (এনএডিআরএ) চেয়ারম্যান মালিক তারেক জানান, বৈধভাবে জন্ম নেওয়া মাতৃ-পিতৃপরিচয়হীন বিপুলসংখ্যক শিশুকে সামাজিক ও আইনগত স্বীকৃতি দেওয়ার জন্য জারদারি এ পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, মাতৃ-পিতৃপরিচয়হীন হাজার হাজার শিশুকে পরিচয়পত্র সরবরাহ করার পরিকল্পনা করেছে এনএডিআরএ। এসব শিশুর অধিকাংশকেই তাদের মা-বাবারা সমাজকল্যাণমূলক কেন্দ্রগুলোতে ফেলে যান। এ ছাড়া ২০০৫ সালের ভূমিকম্প ও গত বছরের ভয়াবহ বন্যার সময় মা-বাবাকে হারিয়ে প্রচুর শিশু এসব কেন্দ্রে আশ্রয় নেয়।মালিক তারেক জানান, শিশুর নাম নিবন্ধনের সময় মা-বাবার নাম উল্লেখ করা বাধ্যতামূলক হওয়ায় এনএডিআরএ ওই শিশুদের নাম নিবন্ধন করতে গিয়ে বিপাকে পড়েছে। বিষয়টি জানার পর প্রেসিডেন্ট জারদারি স্বেচ্ছায় এসব শিশুর পিতার নামের জায়গায় তাঁর নাম লিপিবদ্ধ করার প্রস্তাব করেন বলে তিনি জানান। প্রেসিডেন্ট জারদারি বলেন, ‘আমি বলতে চাই, আপনারা এমন একটি কৌশল নির্ধারণ করেন, যাতে মাতৃ-পিতৃপরিচয়হীন এসব শিশুকে পাকিস্তানের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা যায়। এসব শিশুকে পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে এনএডিআরএ বাবা হিসেবে আমার নাম উল্লেখ করতে পারে।’ পিটিআই।