মাতৃত্বকালীন ছুটি ঠেকাতে...
প্রতিষ্ঠানের ১০০ জন কর্মীর এক-তৃতীয়াংশ নারী কর্মী মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। অনেকে ছুটিতে যাবেন। প্রতিষ্ঠানের কাজের এই ক্ষতি মেনে নিতে পারেনি কর্তৃপক্ষ। এমন পরিস্থিতি ঠেকাতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী এক কৌশল। প্রতিষ্ঠানের কর্মীদের, বিশেষ করে নারী কর্মীদের সন্তান নিতে নিরুৎসাহ করতে ব্যক্তিগত জীবনে জন্মনিরোধকসামগ্রী ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। জন্মনিরোধকের সামগ্রী সরবরাহ করছে কর্তৃপক্ষই। আর তা কর্মস্থলেই।
এএফপির খবরে জানানো হয়, অস্ট্রেলিয়ার পার্থ শহরে আঞ্চলিক বেতার কেন্দ্রের সম্প্রচার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সাউদার্ন ক্রস অস্টেরিওর জ্যেষ্ঠ নির্বাহী লিন্ডা ওয়েম্যানের সিদ্ধান্তেই এমনটা করা হচ্ছে। নিজের সিদ্ধান্তকে একেবারে সময়োপযোগী ও সঠিক বলে মনে করেন লিন্ডা। তিনি বলেন, কর্মস্থলে আমরা বড় একটি পাত্রে জন্মনিরোধকসামগ্রী রাখি। কর্মীরা এটি বাড়িতে নিয়ে যেতে পারেন। জীবনসঙ্গীকে ব্যবহারে উৎসাহী করে তুলতে পারেন।
সাউদার্ন ক্রসের জ্যেষ্ঠ নির্বাহীর পাশাপাশি পার্থের দুটি বেতার কেন্দ্র মিক্স ৯৪ দশমিক ৯ ও হিট ৯২৯-এর প্রধান লিন্ডা ওয়েম্যান। প্রতিষ্ঠানের নিয়োগ ও আচরণবিধি-সংক্রান্ত এক সম্মেলনে লিন্ডা সগর্বে তাঁদের উদ্যোগের কথা জানান। বিপণন ও গণমাধ্যমবিষয়ক ওয়েবসাইট মামব্রেলা ওই সম্মেলনের আয়োজন করে। তাদের দেওয়া তথ্যমতে, লিন্ডা বলেন, জন্মনিরোধকসামগ্রী কর্মস্থলে রাখার কথা একেবারে সত্যি। তিনি বাড়িয়ে কিছু বলছেন না।
লিন্ডাবলেন, তিনি যৌন সম্পর্কে জন্মনিরোধক ব্যবহারের জন্য নারী ও পুরুষ উভয়কেই উৎসাহিত করেন। তিনি জানান, মাতৃত্বকালীন ছুটিতে থাকা নারীদের দায়িত্ব প্রতিষ্ঠানের অন্য যেসব কর্মী দক্ষতার সঙ্গে পালন করেন, তাঁদের তিনি পুরস্কৃত করেন। এই পুরস্কারের নাম দেওয়া হয়েছে ‘অ্যাঞ্জেলিনা জোলি পুরস্কার’।
সাউদার্নের নির্বাহী পরিচালক রাইস হলারান সিডনি মর্নিং হেরাল্ডকে জানান, লিন্ডা ওয়াম্যান কর্মক্ষেত্রে নারীর সাফল্য অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখছেন।