মাতৃভাষা বাঁচানোর শেষ চেষ্টা
জাম্বিয়ার ওয়েস্টার্ন প্রভিন্স দেশের একটি প্রত্যন্ত অঞ্চল। শানজো জনগোষ্ঠীর মানুষের বাস সেখানেই। তাদের সংখ্যা মাত্র ২০ হাজার। এই মানুষেরাই একটি ভাষাকে হারিয়ে যাওয়া থেকে রক্ষার কঠিন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে।শানজো জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি রয়েছে। আছে নিজস্ব ভাষাও। নাম সিশানজো। এই ভাষায় কথা বলা হলেও এর লিখিত কোনো রূপ নেই। ফলে, কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছিল শানজো সম্প্রদায়ের মাতৃভাষা।কিন্তু কিছু অপেশাদার ‘ভাষাবিদের’ উদ্যোগে বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছে সিশানজো। আনাড়ি কিন্তু উৎসাহে ভরপুর ওই ভাষাকর্মীরা এর বানানপদ্ধতি প্রণয়ন করে একটা লিখিত রূপ দাঁড় করানোর চেষ্টা করছেন। এরই মধ্যে তাঁরা এ কাজে অনেকটা সফলও হয়েছেন।‘এটা একটা অলৌকিক ব্যাপারের মতো’, সিশানজো ভাষায় লেখা একটা পুস্তিকা দেখে কথাটা বলেন আবেগাপ্লুত কৃষক হেস্টিংস সিটেইল। এ ভাষায় এর আগে তিনি শুধু কথাই বলেছেন। হেস্টিংস নিজেও রয়েছেন ওই শখের ভাষাবিদদের দলে।সিশানজো ভাষার লিখিত রূপ দাঁড় করাতে কয়েক মাস ধরে কাজ করছেন হেস্টিংস ও তাঁর সহযোগীরা। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে হেস্টিংস বলেন, ‘আমরা এ কাজ হাতে নিয়েছি, যাতে নতুন প্রজন্ম ভাষাটি দেখার সুযোগ পায়। কেননা, এই ভাষার প্রবীণ লোকেরা আমাদের মধ্য থেকে হারিয়ে যেতে বসেছেন।’সিশানজোর বানানপদ্ধতি নিয়ে গত জুলাইয়ে শুরু হওয়া এ প্রকল্পে সহায়তা করছেন যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভাষাবিদ পল টেন্স। প্রকল্পের কাজ শুরুর দুই সপ্তাহের মাথায় সিশানজো ভাষায় ২৭ পৃষ্ঠার একটি পুস্তিকা প্রকাশ করা হয়। ভাষাটি পড়া ও লেখার উপায় বর্ণনা করা হয়েছে এতে।পল টেন্স বলেন, জাম্বিয়ার এই আঞ্চলিক ভাষার মতো পুরো আফ্রিকা মহাদেশের অনেক ভাষাই কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে। তিনি বলেন, আফ্রিকায় বিশ্বের মাত্র ১৫ শতাংশ লোকের বসবাস। কিন্তু বিশ্বের মোট ভাষার ৩০ শতাংশেরই চর্চা হয় এখানে। এক জাম্বিয়াতেই প্রচলিত ৭০টির বেশি ছোট-বড় ভাষা। দেশটির সরকারি ভাষা হচ্ছে ইংরেজি।মাতৃভাষা নিয়ে কাজ করতে পেরে গর্বিত শানজো কৃষক ইনোক ওয়ালুবিতা। তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম, আমরা বুঝি কেউই নই। কিন্তু এখন মনে করি, আমরাও বিশ্বের অন্য সবার মতো।’ বিবিসি।