মাত্র ১৯ মিনিট ঘরের কাজ
নারী যখন চুলাতে হাঁড়ি ঠেলা, ঝাড়ু নিয়ে ঝাড়পোঁছ, বাচ্চাকাচ্চা সামলানো—ঘরকন্নার এসব কাজ নিয়ে গলদঘর্ম হচ্ছেন, এ সময় তাঁর স্বামী, বাবা কিংবা ভাই হয়তো টেলিভিশনে ক্রিকেট খেলা দেখায় মগ্ন। ভারতের অধিকাংশ নারীর রোজকার চিত্র এটা।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সাম্প্রতিক জরিপের ফলাফল অনুযায়ী, ভারতের পুরুষেরা দৈনিক গড়ে ১৯ মিনিট ঘরের কাজে সময় ব্যয় করেন। বিশ্বে পুরুষের গৃহস্থালি কাজে গড় হারের সূচকে এটাই সর্বনিম্ন।
এ সূচকে ভারতের মতোই পিছিয়ে রয়েছে এশিয়ার আরও তিনটি দেশ। এদের মধ্যে জাপানের পুরুষেরা গড়ে ২৪ মিনিট, কোরিয়ার পুরুষেরা ২১ মিনিট ও চীনের পুরুষেরা ৪৮ মিনিট করে ঘরের কাজে সময় ব্যয় করেন।
ওইসিডির জরিপের ফলাফলে বলা হয়েছে, ভারতের পুরুষেরা দৈনিক ৭০৩ মিনিট (প্রায় ১২ ঘণ্টা) নিজের যত্ন নেওয়ার জন্য পার করেন। এ মধ্যে বেশির ভাগ সময় তাঁরা ঘুম, খাওয়া ও পানাহারে অতিবাহিত করেন।
ভারতের কলামিস্ট ও সমাজ বিশ্লেষক সন্তোষ দেশাইয়ের মতে, এটা নিছক সাংস্কৃতিক চর্চা নয়, এ চর্চাকে রীতিমতো মহিমান্বিত করা হয়ে থাকে। মায়েরা ছোটবেলা থেকেই ঘরের কাজে ছেলেদের কুটো ভেঙে দুটো করতে দেন না।
ওইডিসি ছাড়াও ইন্টারন্যাশনাল সেনটার ফর রিসার্চ অন ওমেনের (আইসিআরডব্লিউ) করা সাম্প্রতিক আরেকটি জরিপে এর ভিন্ন কোনো চিত্র পাওয়া যায়নি। সংস্থাটির জরিপের ফলাফল বলছে, ভারতের ১৬ শতাংশ পুরুষ স্ত্রীর সমান বা তাঁর বেশি কাজ করেন ঘরের দায়িত্ব পালন করেন।
নারীদের জন্য কর্মসংস্থান ও পরামর্শদানকারী অনলাইন ভারতীয় পোর্টাল ‘শিরোসে’র প্রতিষ্ঠাতা সৈরি চহালের মতে, ‘যাঁরা (পুরুষেরা) আসলেই সাহায্য করতে চান, তাঁরা জানেন না আদতে সেটি কীভাবে করতে হবে। কারণ, তাঁরা চা বানানো কিংবা গ্যাস সিলিন্ডার বদলানোর কাজটি কীভাবে করতে হয়, সেটিও কখনো শেখেননি।’
তবে আশার বিষয় হচ্ছে, বিশ্বের সব দেশের চিত্র এমনটা নয়। ইউরোপের পুরুষেরা এশিয়ার পুরুষদের তুলনায় বেশি ঘরের কাজ করেন। ওইসিডির জরিপের ফলাফল অনুযায়ী, স্লোভেনিয়ার পুরুষেরা গড়ে দৈনিক ১১৪ মিনিট (প্রায় দুই ঘণ্টা) গৃহস্থালি কাজ করেন।