মাত্র ৯০ সেকেন্ডের দূরত্বে ছিল ভারতের উড়োজাহাজ!
ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ-১৭ ফ্লাইট বিধ্বস্ত হওয়ার স্থান থেকে মাত্র ৯০ সেকেন্ডের দূরত্বে ছিল এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। দিল্লি থেকে বার্মিংহামগামী বোয়িং-৭৭৭ উড়োজাহাজটি তখন মাত্র ২৫ কিলোমিটার দূরত্বে ছিল। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এমএইচ-১৭ ফ্লাইটের ওই উড়োজাহাজটি গত বৃহস্পতিবার আমস্টারডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাচ্ছিল।
দুটি উড়োজাহাজ এত কাছাকাছি অবস্থানে থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েন ইউক্রেনের স্থানীয় বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা দিপ্রপেত্রোভস্ক। তিনি তখন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের পাইলটকে মালয়েশিয়া এয়ারলাইনসের ওই ফ্লাইটের পাইলটের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। কারণ, একটু আগে থেকেই তাঁর সঙ্গে ফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
ক্ষেপণাস্ত্র হামলায় মালয়েশিয়ার উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার মিনিট খানেক আগেও এর পাইলটকে রুটিনমাফিক নির্দেশনা দেওয়া হয়। ওই উড়োজাহাজের ঠিক ২৫ কিলোমিটার দূরে ছিল এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট, যা ছিল মাত্র ৯০ সেকেন্ডের পথ। মালয়েশিয়ার উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে হতভম্ব হয়ে পড়েন এয়ার ইন্ডিয়ার পাইলট। ব্যাপারটি এমন যে একজন মানুষের পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি হঠাৎ ছুটে আসা কোনো গুলিতে বিদ্ধ হলো।