ভারতীয় ও বিদেশি অনুষ্ঠান প্রচার করায়...
নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ভারতীয় ও বিদেশি বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করায় পাকিস্তানের ১০টি স্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেলকে এক কোটি রুপি জরিমানা করেছে দেশটির কর্তৃপক্ষ।
দেশটির তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) জানায়, নির্ধারিত সীমা ছাড়িয়ে ১০টি বেসরকারি টেলিভিশন চ্যানেল অতিরিক্ত ভারতীয় অনুষ্ঠান প্রচার করেছে। তাই নীতিমালা লঙ্ঘনের দায়ে চলতি বছর এই চ্যানেলগুলোর প্রতিটিকে ১০ লাখ করে মোট এক কোটি রুপি জরিমানা করা হয়েছে।
চ্যানেলগুলো হচ্ছে জিয়ো টিভি (বিনোদন), এক্সপ্রেস এন্টারটেইনমেন্ট, হাম টিভি, অক্সিজেন টিভি, কোহিনূর এন্টারটেইনমেন্ট, টিভি ওয়ান, এনটিভি এন্টারটেইনমেন্ট, জিএসএম এন্টারটেইনমেন্ট, প্লে টিভি ও জালওয়া এন্টারটেইনমেন্ট।
এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে চ্যানেলগুলোর শীর্ষ ব্যবস্থাপকদের সতর্ক করে চিঠিও দিয়েছে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
নিয়ম অনুসারে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো সর্বোচ্চ ১০ শতাংশ বিদেশি অনুষ্ঠান প্রচার করতে পারবে। এর মধ্যে আবার ৬০ শতাংশ ভারতীয় ও অন্য অনুষ্ঠান এবং বাকি ৪০ শতাংশ ইংরেজি অনুষ্ঠান প্রচার করতে পারবে।