মাদকবিরোধী যুদ্ধে মেক্সিকোকে পূর্ণ সমর্থন দিল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ ক্যালদেরনের বিতর্কিত মাদকবিরোধী অভিযানের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত সোমবার বলেছেন, ওই অভিযানের অবশ্যই প্রয়োজন আছে। মেক্সিকোর সীমান্তবর্তী সিউদাদ জুয়ারেজ শহরে গত রোববার একটি ফুটবল ম্যাচ চলাকালে বন্দুকধারীদের গুলিতে সাতজন নিহত হয়েছে।ক্ষমতা গ্রহণের পর ২০০৬ সালে মাদকবিরোধী বড় ধরনের অভিযান শুরু করেন প্রেসিডেন্ট ফিলিপ ক্যালদেরন। সেনাবাহিনীর ওই অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত মাদকসংক্রান্ত সহিংসতায় সেখানে নিহত হয়েছে ৩৪ হাজারের বেশি মানুষ।মেক্সিকোর গুয়ানাজুয়াতো শহরে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিয়া এসপিনোসার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হিলারি বলেন, প্রেসিডেন্ট ক্যালদেরন যা করছেন অবশ্যই তার প্রয়োজন আছে। তিনি বলেন, এর কোনো বিকল্প নেই। মাদক পাচারকারীদের এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না।এই অভিযানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তদন্তে ক্যালদেরন সরকারের ব্যর্থতার বিষয়টি স্বীকার করে হিলারি বলেন, তবে মেক্সিকো সরকার এ বিষয়ে অগ্রগতির চেষ্টা করছে। মাদকবিরোধী অভিযানে দুই দেশের পদক্ষেপের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে এক দিনের সফরে মেক্সিকো গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। সংবাদ সম্মেলনে এসপিনোসা বলেন, ‘রাজনৈতিক বাধা সত্ত্বেও আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক অনেক শক্তিশালী।’এদিকে, হিলারির সফরের আগের দিন রোববার সীমান্তবর্তী সিউদাদ জুয়ারেজ শহরে একটি ফুটবল ম্যাচ চলাকালে বন্দুকধারীদের হামলায় নিহত হয় সাতজন। এএফপি, বিবিসি।