মাদাগাস্কারে সেনা বিদ্রোহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদাগাস্কারের প্রধান বিমানবন্দরের কাছের একটি শিবিরে গতকাল রোববার সেনা বিদ্রোহের ঘটনা ঘটেছে। তবে চার ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়। সেনাপ্রধান আন্দ্রে লুসিয়েন রাকোতোয়ারিমাসি এ কথা জনিয়েছেন। মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর ইবাতো আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী সেনাশিবিরে স্থানীয় সময় সকাল ছয়টার দিকে কয়েকজন সেনার নেতৃত্বে বিদ্রোহ শুরু হয়। এরপর চার ঘণ্টার মতো চলে গোলাগুলি।সেনাপ্রধান আন্দ্রে লুসিয়েন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে বিদ্রোহে অংশগ্রহণকারী সেনাদের দাবি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পাশাপাশি বিদ্রোহে কতজন সেনাসদস্য অংশ নেন, সে ব্যাপারেও বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান আন্দ্রে লুসিয়েন। দ্বীপপ্রধান দেশ মাদাগাস্কারে রাজনৈতিক সমস্যার শুরু তিন বছর আগে। ওই সময় তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানাকে এক অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে ক্ষমতা নেন আন্দ্রে রাজোয়েলিনা। পরে অভ্যুত্থানকারী বাহিনী ২০১১-এর সেপ্টেম্বরে দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে একটি পরিকল্পনায় সাক্ষর করেন। কিন্তু সেই চুক্তি আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এএফপি।