মাদাম তুঁসো জাদুঘরে এবার শাহরুখ খানের মোমের মূর্তি
এবার হলিউডে জায়গা করে নিলেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ। তবে হলিউডের ছায়াছবিতে নয়, কিছুটা অন্যভাবে। হলিউডে মাদাম তুঁসো জাদুঘরে জায়গা করে নিয়েছে ‘কিং খান’-এর মোমের মূর্তি। গত শুক্রবার সেখানে ওই বলিউড সুপারস্টারের একটি মোমের মূর্তি উন্মোচন করা হয়েছে।অড্রে হেপবার্ন, ক্লার্ক গেবল, জেনিফার লোপেজ, নিকোল কিডম্যান, জনি ডেপ, আলফ্রেড হিচকক, স্টিভেন স্পিলবার্গ, বিয়ন্সে এবং ফুটবল তারকা ডেভিড বেকহ্যামের মতো নামী তারকাদের মোমের মূর্তির পাশে এখন থেকে শাহরুখের মোমের মূর্তিও শোভা পাবে। ৪৪ বছর বয়সী শাহরুখ খান প্রথম কোনো ভারতীয় অভিনেতা, যাঁর মূর্তি হলিউডের মাদাম তুঁসো জাদুঘরে স্থান পেয়েছে। শাহরুখের মূর্তির অভিষেককে ‘ঐতিহাসিক সংকলন’ হিসেবে বর্ণনা করেছে জাদুঘর কর্তৃপক্ষ। মাদাম তুঁসো কর্তৃপক্ষ বলেছে, এটা বিশ্বের সবচেয়ে বড় দুটি চলচ্চিত্র কেন্দ্র হলিউড এবং বলিউডের আরও কাছাকাছি আসার প্রতীক।মূর্তিটি তৈরিতে ব্যয় হয়েছে তিন লাখ মার্কিন ডলার। মাদাম তুঁসো জাদুঘরের সদর দপ্তর লন্ডনে অবস্থিত। হলিউড ছাড়াও নিউইয়র্ক, হংকং, লাসভেগাস, সাংহাই, আমস্টারডাম, ওয়াশিংটন ডিসি এবং বার্লিনেও মাদাম তুঁসো মোমের জাদুঘর রয়েছে। লন্ডন জাদুঘরেও শাহরুখ খানের মোমের মূর্তি শোভা পাচ্ছে। পিটিআই।