মাদার তেরেসা বিশেষ ট্রেনের উদ্বোধন আজ
আজ ২৬ আগস্ট মাদার তেরেসার জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে ভারতজুড়ে বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির জেসাস অ্যান্ড মেরি স্কুল মিলনায়তনে বিশেষ প্রার্থনার মাধ্যমে শুরু হয়েছে এই জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান। আজ কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে ছাড়া হবে বিশেষ ট্রেন। রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি উদ্বোধন করবেন।পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরের গির্জায় সোমবার প্রার্থনার মাধ্যমে শুরু হয়েছে মাদার তেরেসার জন্মশতবর্ষ অনুষ্ঠানের কর্মসূচি। অনুষ্ঠানের সূচনা করেন বিশপ সালভাদোর লোবো। এতে যোগ দেন রাজ্যের ১৪টি অঞ্চলের বিশপেরা।জন্মশতবর্ষ উদ্যাপনে ভারতীয় রেল কর্তৃপক্ষ মাদার তেরেসার নামে একটি বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে। পাঁচ কামরার এই বিশেষ ট্রেনটিকে সাজানো হয়েছে পশ্চিমবঙ্গের হওড়ার লিলুয়া ওয়ার্কশপে। রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মাদার যে ধরনের পোশাক পরতেন, সেই সাদা-নীল রং দিয়ে সাজানো হয়েছে মাদার এক্সপ্রেসকে।১৯১০ সালের ২৬ আগস্ট মাদার তেরেসার জন্ম। ১৯৭৯ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান।