মাদিবার আদর্শ নিয়ে এগিয়ে যেতে চায় দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যান্ডেলার প্রতিকৃতি
ম্যান্ডেলার প্রতিকৃতি

ম্যান্ডেলার প্রতিকৃতি
প্রিটোরিয়ায় ইউনিয়ন বিল্ডিংয়ের সামনে গতকাল ম্যান্ডেলার প্রতিকৃতি উন্মোচন করা হয়
উচ্চতা
৩০ ফুট (৯ মিটার) উচ্চতার এই প্রতিকৃতিটি ব্রোঞ্জের তৈরি
“প্রতিকৃতি উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক শোকের সমাপ্তি হলো
দক্ষিণ আফ্রিকা সরকারের বিবৃতি

‘নতুন দক্ষিণ আফ্রিকার’ জনক নেলসন ম্যান্ডেলাকে সমাহিত করার পর গতকাল সোমবার একটি দিন পার করল দেশটির জনগণ। এদিন মহান এই নেতাকে ঘিরে কিছু কার্যক্রমের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ১০ দিনের শোকের সমাপ্তি ঘোষণা করা হয়।

ম্যান্ডেলা ৫ ডিসেম্বর পৃথিবীর মায়া কেটে পরপারে চলে যান। ইস্টার্ন কেপ প্রদেশে শৈশবের স্মৃতিমাখা কুনু গ্রামে গত রোববার তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

দক্ষিণ আফ্রিকা সরকারের প্রশাসনের কেন্দ্রবিন্দু প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিংয়ের সামনে গতকাল ম্যান্ডেলার একটি প্রতিকৃতি উন্মোচন করা হয়। দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা প্রতিকৃতিটি উন্মোচন করেন। ব্রোঞ্জের তৈরি প্রতিকৃতিটির উচ্চতা নয় মিটার (৩০ ফুট)। উন্মোচন অনুষ্ঠানে আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশের প্রেসিডেন্ট, ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসসহ বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথি, দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নেতা, বর্ণবাদবিরোধী আন্দোলনে ম্যান্ডেলার ঘনিষ্ঠজন ও দেশটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিকৃতি উন্মোচনের জন্য বিশেষ একটি দিনও বেছে নেওয়া হয়। ওই দিনটি হচ্ছে মিত্রতা দিবস (ডে অব রেকনসিলিয়েশন)। ১৯৯৪ সালের ১৬ ডিসেম্বর থেকে বিশেষ এ দিবসটি উদ্যাপন করে আসছে দক্ষিণ আফ্রিকা। এই দিন দেশটিতে সরকারি ছুটি থাকে।

ম্যান্ডেলার প্রতিকৃতি উন্মোচন উপলক্ষে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘এই প্রতিকৃতি উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক শোকের সমাপ্তি হলো। একই সঙ্গে প্রয়াত নেতা প্রিয় মাদিবার রেখে যাওয়া আদর্শ নিয়ে এগিয়ে চলা ও তা ধরে রাখার উদ্যাপন শুরু হলো।’

ম্যান্ডেলাকে সমাহিত করার পর সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘মাদিবার আদর্শ ও মূল্যবোধ অবশ্যই একটি জাতি হিসেবে আমাদের এগিয়ে যেতে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। তাঁর অসাধারণ জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাব।’ এএফপি।