বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলা পৃথিবী থেকে চলে গেছেন ৫ ডিসেম্বর। রেখে গেছেন সংগ্রাম ও সমঝোতার উজ্জ্বল দৃষ্টান্ত। বর্ণবাদী শ্বেতাঙ্গ শাসকদের হাতে দীর্ঘদিন নির্যাতিত হলেও ক্ষমতায় গিয়ে প্রতিশোধ নেননি। গতকাল শৈশবের স্মৃতিঘেরা কুনু গ্রামে তাঁকে সমাহিত করা হয়েছে। মহানায়ক এই বিশ্বনেতার চিরবিদায়ে বিশেষ আয়োজন

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলাকে শেষবিদায় জানাতে বিশ্বের অনেক নেতা প্রত্যন্ত কুনু গ্রামে হাজির হয়েছেন। তাঁদের জন্য নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। ফলে আশাহত হয়েছে কুনুবাসী। সরাসরি প্রিয় মাদিবাকে শেষবিদায় জানানো বা অন্তেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া তাদের ভাগ্যে জোটেনি। অবশ্য তাদের জন্য অনুষ্ঠানটি টেলিভিশনের পর্দায় দেখার ব্যবস্থা রাখা হয়।
অথচ ৫ ডিসেম্বর বর্ণবাদবিরোধী মহানায়কের মৃত্যুর পর থেকে যেন নির্ঘুম কাটিয়েছিল কুনু গ্রাম। শেষকৃত্যানুষ্ঠানের আয়োজকেরা রাত-দিন খেটে সাড়ে চার হাজার অতিথির জন্য প্যান্ডেল তৈরি করেন। কুনুবাসী দিন-রাত অপেক্ষায় ছিল প্রিয় মাদিবার।
সামরিক হেলিকপ্টার ও নিরাপত্তাকর্মীদের গাড়িবহরের শব্দে গত শনিবার রাতে কুনু গ্রামের নীরবতা ভেঙে যায়। প্রিয় মাদিবাকে একনজর দেখতে গ্রামের হাজার হাজার মানুষ জড়ো হয় তাঁর বাড়ির সামনে।
গতকাল রোববার দক্ষিণ আফ্রিকার শ্রেষ্ঠ সন্তানের শেষকৃত্যানুষ্ঠান নিজের বাড়িতে বসে টেলিভিশনের দেখেন গ্রামের ৭৩ বছর বয়সী ডিকসন গঙ্গাতিলে। তিনি বললেন, ‘এটা টেলিভিশনে দেখে আমি খুশি। আমার চোখ ভালো নেই। এভাবেই আমি ভালো দেখতে পারি।’
শনিবার রাতে গঙ্গাতিলে নিজের ২৭ বছর বয়সী মেয়ে ওয়েজিইকে নিয়ে বসেছিলেন। এ সময় ২৯ বার গান স্যালুট বেজে ওঠে। এর অর্থ, জাতীয় পতাকায় মোড়ানো মাদিবার মরদেহ গ্রামে পৌঁছে গেছে। আবেগঘন কণ্ঠে গঙ্গাতিলে বলেন, ‘আমি খুশি। মাদিবা দীর্ঘদিন ধরে হাসপাতালে কষ্ট পাচ্ছিলেন। তিনি এখন মুক্ত।’ শেষকৃত্যানুষ্ঠান আংশিক সরাসরি সম্প্রচার করা হয়। তবে ম্যান্ডেলা পরিবারের ইচ্ছায় মরদেহ সমাহিত করার অংশটুকু জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়নি। ফলে অনেকেই আশাহত হন।
শেষকৃত্যের পর গ্রামবাসীর জন্য খাবার প্রস্তুত করতে ব্যস্ত নলিন্ডা রুবা বললেন, ‘আমি দেখতে চেয়েছিলাম। তবে তারা বলল, দেখার সুযোগ নেই।’ এএফপি।