মাদুরোকে বৈধ হিসেবে মানবে না যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রয়াত বিপ্লবী নেতা হুগো চাভেজের উত্তরসূরি নিকোলা মাদুরোকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ভেনেজুয়েলার বিরোধী নেতা হেনরিক ক্যাপরিলেস প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনর্গণনার জন্য বুধবার জাতীয় নির্বাচন পরিষদে (এনইসি) আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, গত রোববার ভেনেজুয়েলায় অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বৈধ বলে মেনে নিতে এখনো প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র।চাভেজের মৃত্যুর পর প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ায় ১৪ এপ্রিল ভেনেজুয়েলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বী ডানপন্থী প্রার্থী হেনরিক ক্যাপরিলেসকে খুব অল্প ব্যবধানে হারান চাভেজের উত্তরসূরি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী নিকোলা মাদুরো। নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ তোলেন ক্যাপরিলেস। তিনি পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন। এ দাবির আইনগত কোনো ভিত্তি নেই বলে নাকচ করে দেন দেশটির নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্ট।ক্যাপরিলেসের ভোট গণনার দাবিকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির সদস্যদের সঙ্গে আলাপকালে জন কেরি বলেন, ‘নির্বাচনে বড় ধরনের অনিয়মের অভিযোগ থাকলে সরকারের বৈধতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।’ভোট পুনর্গণনার আবেদন: এদিকে হেনরিক ক্যাপরিলেস নির্বাচনের ভোট পুনর্গণনার জন্য বুধবার এনইসিতে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন। দেশের সর্বোচ্চ আদালত ভোট পুনর্গণনার দাবি প্রত্যাখ্যান করার পর এনইসিতে এ আবেদন করলেন ক্যাপরিলেস।গত রোববার প্রেসিডেন্ট নির্বাচনের পর নিকোলা মাদুরোকে বিজয়ী ঘোষণা করার পর থেকে দেশে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনে মাদুরো সামান্য ব্যবধানে বিরোধী নেতা হেনরিক ক্যাপরিলেসকে পরাজিত করেন।এনইসি জানায়, নির্বাচনে মাদুরো পেয়েছেন ৫০ দশমিক ৭৫ শতাংশ ভোট এবং হেনরিক ক্যাপরিলেস পেয়েছেন ৪৮ দশমিক ৯৭ শতাংশ ভোট। অর্থাৎ মাদুরো দুই লাখ ৬৫ হাজার ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্যাপরিলেসকে পরাজিত করেছেন। এর পর থেকেই ক্যাপরিলেসের সমর্থকেরা বিক্ষোভ করছেন। সোমবার ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে বড় নগরগুলোতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।ক্যাপরিলেসের নির্বাচন প্রচারণাবিষয়ক প্রধান কার্লোস অকারিজ এনইসিতে ভোট পুনর্গণনার আবেদন পেশ করেছেন। এনইসির প্রধান তিবিসে লুসিনা আবেদন গ্রহণ করে সাংবাদিকদের জানান, বিক্ষোভের অধিকার ও ভিন্নমতের অধিকারের প্রতি সম্মান দেখাতে হবে।কার্লোস বলেন, ‘আমরা বলেছি, এই সংকটের রাজনৈতিক সমাধান প্রয়োজন এবং আমরা আশা করি, পরিষদের পরবর্তী ঘোষণায় এ সমস্যার সমাধান হয়ে যাবে।’ তিনি বলেন, ‘আমরা ভোট পুনর্গণনার আবেদনের সঙ্গে নির্বাচনে অনিয়মের তথ্যপ্রমাণও দাখিল করেছি।’ বিবিসি, এএফপি।