মাদুরোর সামনে দুর্গম পথ
হুগো চাভেজের উত্তরসূরি নিকোলা মাদুরোর সম্মুখ পথ এখন অনেকটাই দুর্গম। চাভেজের মৃত্যুর পর প্রত্যাশা অনুযায়ী সম্ভবত তিনিই হতে চলেছেন পরবর্তী প্রেসিডেন্ট। কিন্তু মাদুরোর দুর্গম পথ এতটাই সমস্যাসঙ্কুল যে তাঁর প্রতি জনগণের সমর্থন রাতারাতি ফুরিয়ে যেতে পারে।ভেনেজুয়েলার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো নিকট অতীতে ছিলেন একজন বাসচালক। পার করেননি স্কুলের গণ্ডিও। তবু এ পর্যন্ত এসেছেন সুনাম আর চাভেজ অনুসারীদের সমর্থনের ওপর ভর করে। বিশ্লেষকদের মতে, চাভেজের পছন্দের উত্তরসূরি মাদুরো (৫০) আগামী মাসের শুরুতেই ভেনেজুয়েলার ভোটারদের সমর্থন পাওয়ার পরীক্ষায় সরাসরি অবতীর্ণ হচ্ছেন। চাভেজের সামান্য ক্যারিসমা ও রাজনৈতিক দক্ষতা আছে ভাইস প্রেসিডেন্ট মাদুরোর। এই ক্যারিসমা ও দক্ষতা নিয়ে তিনি আদৌ চাভেজের বামপন্থী আন্দোলনের ঐক্য ধরে রাখতে পারবেন কি না, তা-ও স্পষ্ট নয়।নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের অধ্যাপক সুজাথা ফার্নান্দেজ বলেন, আগামী নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার মতো যথেষ্ট সমর্থন মাদুরোর রয়েছে। মার্কিন সংগঠন আমেরিকাস সোসাইটির ওয়াশিংটন কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট এরিক ফার্নসওয়ার্থ বলেন, ‘মাদুরোর স্বনির্ভর রাজনৈতিক ভিত্তি খুব দুর্বল। তাঁর রয়েছে শক্তিশালী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।’ভেনেজুয়েলার সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাপক লুইস সালামানকা বলেন, মাদুরোর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আরও আছেন চাভেজ পরিবারের সদস্যরাও। লস অ্যাঞ্জেলেস টাইমস।