মানচিত্র থেকে মুছে দেওয়া হয়েছে গ্রামটি!
একটি-দুটি নয়, প্রায় ২৫ টন বোমা এসে পড়ে ওই গ্রামে। ধ্বংসযজ্ঞে বিলীন হয়ে যায় গ্রামটির ঘরবাড়ি, গাছপালা, পথঘাট। এভাবে মানচিত্র থেকে মুছে যায় সেই গ্রাম। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর তালেবানবিরোধী অভিযানে এই করুণ পরিণতি হয় গ্রামটির। আফগানিস্তানের কান্দাহার প্রদেশের আরগানদাদ নদীর তীরবর্তী উপত্যকার সেই ছোট গ্রামটি হলো তারোক কোলাচে। গত অক্টোবরে যৌথ টাস্কফোর্স এ-৩২০-এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ডেভিড ফ্লিন ওই অভিযানের অনুমোদন দিয়েছিলেন।অভিযান চালানোর আগে গ্রামটি তালেবান জঙ্গিদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। জঙ্গিরা সেখানে হাতবোমা ও উন্নতমানের বিস্ফোরকদ্রব্যের মাধ্যমে জোট বাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছিল। গ্রামটি থেকে তালেবান উৎখাতে দুবার অভিযান চালানো হয়। এতে দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে অনড় থাকে তালেবানের অবস্থান। মার্কিন মিলিটারি একাডেমির স্নাতক পলা ব্রডওয়েল বলেন, তালেবান উৎখাতে সেখানে যেতে ভীত ছিল লে. কর্নেল ফ্লিনের লোকজন। তাদের জন্য ওই গ্রাম ছিল নিশ্চিত মৃত্যুর মতো।এই প্রেক্ষাপটে কৌশল বদলের সিদ্ধান্ত নেন টাস্কফোর্সের কমান্ডার। তালেবান উচ্ছেদে স্থল অভিযান চালিয়ে যাওয়ার বদলে সেখানে বোমা হামলা চালানোর নির্দেশ দেন তিনি। এরপর গ্রামটিতে জঙ্গি বিমান ও রকেট হামলা চালানো হয়। ফেলা হয় প্রায় ২৫ টন বিস্ফোরক। হামলার তোড়ে দেশের মানচিত্র থেকে একেবারে মুছে যায় গ্রামটি।গোটা একটি গ্রাম নিশ্চিহ্ন করে দেওয়ার মতো এ ধরনের গুরুতর অভিযান জোট বাহিনী ও আফগানদের মধ্যকার সম্পর্ক উন্নয়নের চেষ্টার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।আফগানভিত্তিক ওপেন সোসাইটি ইনস্টিটিউটের গবেষক এরিকা গ্যাসটন বলেন, তারোক কোলাচে গ্রাম নিশ্চিহ্ন করে দেওয়ার ঘটনা আফগানিস্তানে আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতির ব্যাপারে আফগানদের গ্রহণযোগ্যতার ওপর বড় ধরনের আঘাত। ডেইলি মেইল।