অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট গতকাল শুক্রবার বলেছেন, মানব পাচার মোকাবিলায় তাঁর দেশ যা প্রয়োজন সবই করবে। এ ছাড়া অস্ট্রেলীয় একজন সরকারি কর্মকর্তা অভিবাসনপ্রার্থী বহনকারী নৌকা ইন্দোনেশিয়ায় ফিরে যাওয়ার জন্য নগদ অর্থ দিয়েছেন—এ মর্মে খবরের সত্যতা অস্বীকার করতেও রাজি হননি তিনি। এদিকে অভিবাসনপ্রার্থীদের কয়েকজন জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে এ বিষয়ে অভিযোগও করেছেন। খবর এএফপি ও বিবিসির।
অস্ট্রেলিয়ার বেতারকেন্দ্র থ্রিএডব্লিউ প্রধানমন্ত্রী অ্যাবটকে গতকাল বারবার প্রশ্ন করে, অভিবাসনপ্রার্থীদের বহনকারী একটি নৌকার লোকজনকে অস্ট্রেলিয়ার একজন কর্মকর্তা ফিরে যাওয়ায় রাজি করতে নগদ অর্থ দিয়েছিলেন কি না। জবাবে অ্যাবট বলেন, ‘সংক্ষেপে এর জবাব হচ্ছে: এই অশুভ ব্যবসা (মানব পাচার) বন্ধ করার জন্য যা করা দরকার, অস্ট্রেলিয়ার সরকার তা-ই করবে। ছলে-বলে-কৌশলে আমরা এটি বন্ধ করতে যাচ্ছি। আমরা এটি বন্ধ করেছি এবং যাতে বন্ধ থাকে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছু করব।’
তবে অস্ট্রেলিয়ার অভিবাসন ও পররাষ্ট্রমন্ত্রী উভয়েই এ অভিযোগ অস্বীকার করেছেন।
ইন্দোনেশিয়ার সরকার জানিয়েছে, তারা এ বিষয়ে অভিযোগ খতিয়ে দেখছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বৃহস্পতিবার বলেন, এ দাবি সত্য হলে তা হবে দুঃখজনক।
সম্প্রতি নৌপথে অস্ট্রেলিয়ায় অভিবাসনের চেষ্টা করে ব্যর্থ কয়েকজন সে দেশের পুলিশের কাছে অভিযোগ করেন, ফিরে যেতে রাজি করতে নৌযানটির ক্যাপ্টেন ও পাঁচজন কর্মীকে অস্ট্রেলিয়ার একজন অভিবাসন কর্মকর্তা পাঁচ হাজার ডলার করে দেন। ওই নৌযানে মিয়ানমার, বাংলাদেশ ও শ্রীলঙ্কার অভিবাসনপ্রার্থীরা ছিলেন।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র জেমস লিঞ্চও গতকাল বিবিসিকে বলেন, কয়েকজন অভিবাসনপ্রত্যাশী তাঁদের বলেছেন, তাঁরা অস্ট্রেলীয় কর্মকর্তাদেরকে পাচারকারীদের অর্থ দিতে দেখেছেন।