মানব মস্তিষ্ক ইতিবাচক সংবাদ যতটা সক্রিয়তার সঙ্গে গ্রহণ করে, নেতিবাচক সংবাদ ততটাই প্রত্যাখ্যানে সচেষ্ট থাকে। আশাবাদই মস্তিষ্ককে নেতিবাচক চিন্তা দূরে ঠেলে ইতিবাচক চিন্তায় সচেষ্ট করে তোলে। নেচার নিউরোসায়েন্স সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীরা এ গবেষণা চালান। প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, সুস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে আশাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষকেরা জানান, ১৪ জন ব্যক্তির ওপর তাঁরা এর পরীক্ষা চালিয়েছেন। স্ক্যানারের সাহায্যে ওই ব্যক্তিদের মস্তিষ্কে আশাবাদী সংবাদ কী ধরনের প্রভাব ফেলছে, তা তাঁরা পরীক্ষা করে দেখেন। ‘বিবাহবিচ্ছেদ’ অথবা ক্যানসারের মতো নেতিবাচক ৮০টি ঘটনা উল্লেখ করে প্রত্যেককে প্রশ্ন করা হয়, তাঁদের জীবনে এ ধরনের ঘটনার আশঙ্কা কতটুকু? এরপর তাঁদের জানানো হয়, বাস্তবে এ-জাতীয় ঘটনার হার কতটা হতে পারে। শেষে অংশগ্রহণকারীদের কাছে আবারও তাঁদের জীবনে এ ধরনের ঘটনার ঝুঁকির হার কতটা হতে পারে, তা জানতে চাওয়া হয়। দেখা গেছে, ঘটনাটি ভালো কী মন্দ, তার ওপর ভিত্তি করে অংশগ্রহণকারীদের আশাবাদের মাত্রার হেরফের হয়েছে।প্রধান গবেষক টালি শারট উদাহরণ দিয়ে বলেন, ধরে নেওয়া যাক গড়ে সব মানুষের ক্যানসারের ঝুঁকি ৩০ ভাগ। গবেষণায় অংশগ্রহণকারী কেউ হয়তো মনে করেন, তাঁর ক্যানসারের আশঙ্কা ৪০ ভাগ। গবেষণা শেষে দেখা গেছে, ওই ব্যক্তি যখন ৩০ ভাগ ঝুঁকির কথা শোনেন, তখন এ ক্ষেত্রে তিনি তাঁর নিজের ঝুঁকি নামিয়ে ৩১ শতাংশে নিয়ে আসেন। কিন্তু ওই ব্যক্তিই যদি নিজের ঝুঁকি ১০ শতাংশ ভাবতেন, তবে তিনি তখন তাঁর ঝুঁকি বাড়িয়ে দিতেন।গবেষণায় দেখা গেছে, সংবাদটি যখন ইতিবাচক হয়, তখন মানুষের মস্তিষ্কের সামনের অংশ অধিকতর সক্রিয় হয়ে ওঠে। আর যখন তথ্যটি নেতিবাচক হয়, তখন সর্বাধিক আশাবাদী ব্যক্তিরও মস্তিষ্কের সামনের অংশ সবচেয়ে কম সক্রিয়তা দেখায়। অন্যদিকে সবচেয়ে কম আশাবাদী মানুষটির মস্তিষ্ক সর্বাধিক মাত্রার সক্রিয়তা প্রদর্শন করে। বিবিসি অনলাইন।