মানবকল্যাণে শরীরের সব অঙ্গ দান করবেন জারদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁর শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ দান করার কথা ঘোষণা করেছেন। তিনি প্রথম পাকিস্তানি প্রেসিডেন্ট, যিনি নিজের সব অঙ্গ-প্রত্যঙ্গ দান করার ঘোষণা করলেন। মৃত্যুর পর তাঁর অঙ্গ মানবকল্যাণে ব্যবহার করা হবে। গত বুধবার ইসলামাবাদে প্রেসিডেন্টের সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে আয়োজিত এক অনুষ্ঠানে দান করার কথা ঘোষণা করেন জারদারি। এর আগে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি মানব অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন নিয়ন্ত্রণ করা নিয়ে ঐতিহাসিক এক বিলে স্বাক্ষর করেন। প্রেসিডেন্ট জারদারি জানান, তিনি তাঁর মরহুমা স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ‘অন্যের জন্য বাঁচো’ দর্শনে উদ্বুদ্ধ হয়ে মৃত্যুর পর শরীরের অঙ্গ দান করার সিদ্ধান্ত নিয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। নতুন আইনানুযায়ী, অবৈধভাবে শরীরের কোনো অঙ্গ প্রতিস্থাপন বা বিক্রি করলে ১০ বছর পর্যন্ত সাজা দেওয়া হবে। আইনে চিকিত্সাকাজে শরীরের কোনো অঙ্গ ও টিস্যুর অপসারণ, সংরক্ষণ ও প্রতিস্থাপন বিষয়ে কেন্দ্রীয়ভাবে একটি উচ্চপর্যায়ের পর্যবেক্ষণ কর্তৃপক্ষ ও মূল্যায়ন কমিটিসহ নিয়ন্ত্রণ সংস্থা গঠনের কথা বলা হয়েছে।প্রেসিডেন্ট জারদারি বলেন, পৃথিবীর অনেক দেশের মতো পাকিস্তানেও শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে অবৈধ ব্যবসা হয়। এ ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে পার্লামেন্টের সদস্য ও চিকিত্সকদের কাছে আহ্বান জানান তিনি। জারদারি চিকিত্সক সম্প্রদায়ের কাছে অনুরোধ করেন, মানব অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে আইনের লঙ্ঘন হলে তাঁরা যেন সরকারকে জানান এবং মানুষের মূল্যবান জীবন বাঁচাতে সাহায্য করেন। জারদারি বলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো আইনই কার্যকর হতে পারে না। অঙ্গ নিয়ে অবৈধ বাণিজ্য বন্ধে জনগণের সাহায্য চান তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া।