মানবতাবিরোধী অপরাধ তদন্তে মার্কিন-সমর্থিত প্রস্তাব পাস জাতিসংঘে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় গৃহযুদ্ধকালীন মানবতা-বিরোধী অপরাধ তদন্তে সে দেশের সরকারের ওপর চাপ সৃষ্টি করতে মার্কিন-সমর্থিত একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ। গত বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থায় (ইউএনএইচআরসি) ২৫-১৩ ভোটে পাস হয় প্রস্তাবটি।এ নিয়ে গত কয়েক বছরে দ্বিতীয়বারের মতো এ-সংক্রান্ত প্রস্তাব পাস করল ইউএনএইচআরসি। এর আগে ২০১২ সালের মার্চে অপর একটি প্রস্তাবে শ্রীলঙ্কা সরকারের প্রতি সে দেশের সেনাবাহিনীর হাতে হত্যা, অপহরণসহ অন্যান্য নির্যাতনের ঘটনা তদন্তের আহ্বান জানানো হয়।শ্রীলঙ্কা সরকার ও তার মিত্ররা ইউএনএইচআরসি অনুমোদিত প্রস্তাবটির তীব্র বিরোধিতা করেছে। তারা বলেছে, এর মধ্য দিয়ে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হচ্ছে এবং এটা সমঝোতার পথ ব্যাহত করবে।প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে ভারত ও ব্রাজিলের মতো রাষ্ট্র রয়েছে। অন্যদিকে বিরোধিতাকারী দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, ভেনেজুয়েলা ও ইন্দোনেশিয়া।ইউএনএইচআরসি দক্ষিণ এশিয়ার এই দেশটিকে যুদ্ধ-পরবর্তী জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে ‘বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ’ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। ২০০৯ সালে তামিল বিদ্রোহীদের সঙ্গে এ যুদ্ধের অবসান ঘটে।জাতিসংঘের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ প্রস্তাব উত্থাপন করা হয়। ওই প্রস্তাবে বলা হয়েছিল, তামিল বিদ্রোহীহের দমন করতে গিয়ে শ্রীলঙ্কা সেনাবাহিনীর হাতে হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়। ইউএনএইচআরসিতে ভোট শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, কয়েক দশকের গৃহযুদ্ধ ও অস্থিতিশীলতার পর এই প্রস্তাব স্থায়ী শান্তি ও সম্ভাবনার পথে শ্রীলঙ্কা সরকারকে ধাবিত করবে। তিনি বলেন, এ লক্ষ্যে ইতিমধ্যে বেশ কিছু অগ্রগতি অর্জিত হয়েছে। তবে এখনো অনেক কাজ বাকি। এপিপি ও ইন্ডিয়া টুডে।