মানবদেহে প্রাচীন ভাইরাসের অস্তিত্ব!
মানবদেহে প্রাচীন ভাইরাসের অস্তিত্ব রয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, এসব ভাইরাস ধীরে ধীরে শক্তিশালীও হচ্ছে। লাখ লাখ বছর আগে মানুষের পূর্বপুরুষের শরীরে এসব ভাইরাসের অস্তিত্ব ছিল বলে দাবি বিজ্ঞানীদের।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, নিউইয়র্কের অ্যারন ডায়মন্ডস এইডস রিসার্চ সেন্টার ও বেলজিয়ামের রেগা ইনস্টিটিউট পরিচালিত গবেষণায় বিজ্ঞানীরা এ তথ্য পাওয়ার কথা দাবি করেছেন। এ তথ্য প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে।গবেষকদের মতে, প্রাচীন এসব ভাইরাস একাধিক কোষের মধ্যে চলাচলকারী বিশেষ একটি জিন হারিয়ে যাওয়ার জন্য দায়ী। এন্ডেজেনাস রেট্রোভাইরাসেস (ইআরভিএস) বলে পরিচিত এসব ভাইরাস পোষক কোষের চেয়ে বেশি শক্তিশালী। তবে এগুলো সরাসরি স্বাস্থ্যের জন্য হুমকি কি না, তা জানা যায়নি।গবেষণায় দেখা গেছে, ওই ভাইরাস ডাইনোসার যুগের, যা মানবদেহের বংশগতি-সম্পর্কিত উপাদানের মধ্যে শক্তিশালী হয়ে উঠছে। বিজ্ঞানীরা মানুষ, ইঁদুর, হাতি, ডলফিনসহ ৩৮টি স্তন্যপায়ী প্রাণীর ওপর গবেষণা চালিয়ে প্রাচীন ভাইরাসের বিষয়টি জানতে পারেন। গবেষণায় বলা হয়, প্রাচীন এসব ভাইরাস এক কোষ থেকে অন্য কোষে যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তবে পোষক কোষেই এরা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করতে সক্ষম।গবেষণার প্রধান লেখক জিকিকাস মাগিওরকিনিস বলেন, এই ভাইরাসের গতিবিধি সম্পর্কে নিশ্চিত জানা গেলে মানবস্বাস্থ্য ও রোগের ক্ষেত্রে এর ভূমিকা সম্পর্কে জানা যাবে। বিবিসি।