মানবাধিকার কর্মীকে ৪ বছরের কারাদণ্ড দিল চীন
চীনের একটি আদালত গতকাল রোববার দেশটির সুপরিচিত মানবাধিকারকর্মীদের অন্যতম জু ঝিয়ংকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন। গ্রামের শিশুদের শহরে শিক্ষাগ্রহণের অধিকার এবং সরকারি কর্মকর্তাদের সম্পত্তির হিসাব প্রকাশ করার দাবিতে প্রচারণা চালিয়ে ছিলেন জু ঝিয়ং।
চীনের রাজধানী বেইজিংয়ের ১ নম্বর মধ্যবর্তী গণ-আদালত ঝিয়ংকে এই কারাদণ্ড দেন। গণ-আদালত তাঁকে ‘জনশৃঙ্খলা বিঘ্নকারী সমাবেশ আয়োজনের’ অপরাধে দোষী সাব্যস্ত করেন। পরে কারাদণ্ডের মেয়াদ ঘোষণা করেন। ঝিয়ংকে গত বুধবার বিচারের মুখোমুখি করা হয়।
জুর কৌঁসুলি ঝ্যাং কিংফ্যাঙ বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না, সে ব্যাপারে মতামত নিতে দুদিনের মধ্যে তিনি তাঁর মক্কেলের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আরও বলেন, ‘ঝিয়ং আদালতকে বলেছেন, এ রায়ের ফলে চীনের বিচারব্যবস্থার ওপর শেষ আস্থাটুকু নষ্ট হলো।’
ঝিয়ংকে এভাবে কারাদণ্ড দেওয়ার ঘটনা চীনের মানবাধিকারকর্মীদের কাছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির তরফে এক কড়া সতর্কবার্তা পাঠাবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। কোনো কোনো বিশ্লেষকের মতে, এ প্রবণতা চীনের অর্থবহ রাজনৈতিক পরিবর্তনের আশাকে ব্যাহত করবে; যদিও সরকার অর্থনৈতিক সংস্কার অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। রয়টার্স।