ভারতের নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেলের ছাত্রী গণধর্ষণ ও হত্যা মামলায় চারজনের ফাঁসির রায়ে সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ ও নারী অধিকারকর্মীরা আনন্দিত হলেও মানবাধিকার সংগঠনগুলো হতাশা প্রকাশ করেছে। গতকাল শনিবার তারা বলেছে, বিভিন্ন মহল ফাঁসির রায়ে উচ্ছ্বসিত হলেও বাস্তবে এই রায় দিয়ে ভারতের ‘ধর্ষণ সমস্যার’ সমাধান হবে না।
একটি বিশেষ দ্রুত বিচার আদালতে সাত মাস বিচার চলার পর গত বুধবার এ মামলার চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত গত শুক্রবার ওই চারজনেরই ফাঁসির রায় দেন।
মানবাধিকার নেটওয়ার্ক ‘আওয়াজ’ গতকাল ওই রায়ের সমালোচনা করেছে। তারা ভারতের ধর্ষণ সমস্যা সমাধানে বরং গণশিক্ষা অভিযান শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। আওয়াজ বলেছে, ‘ফাঁসি দিয়ে তাঁরা যে নারীকে ধর্ষণ করেছেন, তাঁকে ফিরিয়ে আনা যাবে না বা ভারতের ধর্ষণ সমস্যাকে বদলে দেওয়া যাবে না। ধর্ষণের ঘটনা ঘটার আগেই এটা থামানোর একমাত্র উপায় হচ্ছে, বৃহৎ পরিসরে গণশিক্ষা অভিযান চালানো।’ এএফপি ও পিটিআই।