গাজায় গত বছরের ইসরায়েলি অভিযানের ক্ষতির ভয়াবহতা এবং ব্যাপক সংখ্যায় সাধারণ নাগরিকদের মৃত্যু আন্তর্জাতিক মানবাধিকারের আইনের প্রতি ইসরায়েলের শ্রদ্ধাবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ দূত মাকারিম উইবিসনো জেনেভায় কাউন্সিলের বিশেষ অধিবেশনে গতকাল সোমবার এ কথা বলেন।
মাকারিম উইবিসনো বলেন, ‘ইসরায়েল, ফিলিস্তিন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সংঘাত বন্ধে এগিয়ে আসতে হবে।’
৫১ দিনের ওই সংঘাতে ইসরায়েলের কথিত সন্ত্রাসী লক্ষ্যবস্তু ছাড়াও ফিলিস্তিনি অঞ্চলের হাসপাতাল, অ্যাম্বুলেন্স, স্কুল এবং সাধারণ মানুষের ঘরবাড়ি আক্রান্ত হয়। উইবিসনো বলেন, ‘যুদ্ধে নিরপরাধ নারী, শিশু ও সাধারণ মানুষের মৃত্যু লজ্জাজনক।’
মানবাধিকার কাউন্সিলের গতকালের বিশেষ অধিবেশনের বিষয়বস্তু ছিল ফিলিস্তিনি অঞ্চল এবং ২০১৪ সালে গাজায় ইসরায়েলি অভিযান। এতে মূলত দেশটির নীতি ও কথিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
ইসরায়েলের দাবি, গাজার যুদ্ধে যে ২১০০ ফিলিস্তিনি নিহত হয় তার মধ্যে অর্ধেকই চরমপন্থী সংগঠন হামাসের জঙ্গি। তবে বিশেষ দূত উইবিসনো বলেন, ওই সংঘাতে ২ হাজার ২৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ১ হাজার ৫৬৩ জনই সাধারণ নাগরিক। নিহতদের মধ্যে ৫৩৮টি শিশু রয়েছে।’
ইসরায়েলের প্রতিনিধি এ সময় অধিবেশনে অনুপস্থিত ছিলেন। ইসরায়েল তাৎক্ষণিকভাবে এর কারণ সম্পর্কে কিছু না বললেও পরিষদের সঙ্গে ঘনিষ্ঠ সূত্র জানায়, এটি কার্যত দেশটির সরকারের বয়কটের শামিল। জেনেভায় ইসরায়েলি মিশনের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রও এতে অনুপস্থিত ছিল। মার্কিন প্রতিনিধি কেন নেই, সে প্রশ্নের জবাবে একজন মুখপাত্র বলেন, পরিষদে যুক্তরাষ্ট্রের দূত কিথ হার্পার এখন ওয়াশিংটনে।