মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রুয়ং টান স্যাংকে তাঁর দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে কাজ করতে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও চীনকে নিয়ে উদ্বেগের বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন দুই নেতা। হোয়াইট হাউসের ওভাল অফিসে বৃহস্পতিবার বৈঠক করেন ওবামা ও ট্রুয়ং স্যাং। প্রলম্বিত ও তিক্ত ভিয়েতনাম যুদ্ধের পর ১৯৭৫ সালে মার্কিন-ভিয়েতনাম সম্পর্ক স্বাভাবিক হয়। এর পর থেকে ভিয়েতনামের মাত্র দ্বিতীয় রাষ্ট্রপ্রধান হিসেবে যুক্তরাষ্ট্র সফরে গেলেন ট্রুয়ং স্যাং।
ওবামা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘আমরা ধাপে ধাপে এগিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার সম্পর্ক স্থাপনে সক্ষম হয়েছি।’ ওবামা বলেন, তিনি ভিয়েতনামের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের উদ্বেগের কথা জানিয়ে পরিস্থিতির উন্নয়নের জন্য ভিয়েতনামের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বিশ্বাস করি, সবাইকে মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও সমাবেশের স্বাধীনতার মতো বিষয়গুলোর প্রতি সম্মান দেখাতে হবে। এএফপি।