মানবাধিকার লঙ্ঘন করেছে তুরস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্ক সরকার গত গ্রীষ্মে ইস্তাম্বুলের গেজি পার্ককে কেন্দ্র করে সরকারবিরোধী আন্দোলন দমনে হত্যা, যৌন নির্যাতনসহ মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ মূল্যায়ন করেছে।
৭০ পৃষ্ঠার প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, আন্দোলন দমনে তুরস্কের পুলিশ ও নিরাপত্তা বাহিনী মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। এতে কয়েক হাজার আন্দোলনকারী আহত হওয়া ছাড়াও অনেক নারী আন্দোলনকারী যৌন নির্যাতনের শিকার হন।
তুরস্কের মেডিকেল অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় ১১ জন নিহত ও প্রায় আট হাজার আন্দোলনকারী আহত হয়। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে অ্যামনেস্টি আরও জানিয়েছে, গেজি পার্ক আন্দোলন চলার সময় প্রথম ২০ দিনে নিরাপত্তা বাহিনী প্রায় এক লাখ ৩০ হাজার টিয়ার গ্যাসের শেল ব্যবহার করে। অথচ বার্ষিক বরাদ্দই এক লাখ ৫০ হাজার শেল। সরাসরি আন্দোলনকারীদের মাথা ও বুক লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়া হয় বলেও অ্যামনেস্টির অভিযোগ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তুরস্ক বিশেষজ্ঞ অ্যান্ড্রু গার্নার বলেন, গেজি পার্কে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত ব্যক্তিদের ওপর সরকারের হামলা জনগণের জীবন ও স্বাধীনতার ওপর হামলা এবং মানবতার চরম লঙ্ঘন।
ইস্তাম্বুলের প্রধান সবুজ প্রাঙ্গণ গেজি পার্কের একাংশে বিপণিবিতান নির্মাণের পরিকল্পনায় নগরবাসী বিক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামে। পরে এ কর্মসূচি সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। বিবিসি।