আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, লিবিয়ায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী মানবাধিকার লঙ্ঘন করছে, যা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও পুনর্গঠনের কাজ ব্যাহত করছে। এরই মধ্যে আজ শুক্রবার লিবিয়ায় অভ্যুত্থান শুরুর বর্ষপূর্তি হচ্ছে। কিন্তু জাতীয়ভাবে কোনো আয়োজন নেই। তবে স্থানীয়ভাবে কেউ কেউ বর্ষপূর্তির অনুষ্ঠান আয়োজন করছে। গত বছরের ১৭ ফেব্রুয়ারি লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি থেকে গাদ্দাফিবিরোধী অভ্যুত্থান শুরু হয়। ২০ অক্টোবর গাদ্দাফির নিহত হওয়ার মধ্য দিয়ে অভ্যুত্থানের একটি পর্ব শেষ হয়। অভ্যুত্থানের নেতৃত্ব দেয় লিবিয়ার অন্তর্বর্তীকালীন পরিষদ (এনটিসি)। এরপর থেকেই শুরু হয় এনটিসির নতুন চ্যালেঞ্জ। স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা এবং সশস্ত্র অস্ত্রধারী পক্ষগুলোকে নিয়ন্ত্রণ করার মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় হিমশিম খাচ্ছে এনটিসি। এর মধ্যে এনটিসিকে গাদ্দাফির সশস্ত্র সমর্থকদের সঙ্গেও লড়াই করতে হচ্ছে। গাদ্দাফির সমর্থকদের হামলার আশঙ্কায় জাতীয়ভাবে অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফাউজি আবদেলালি বলেন, ‘আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে। কারণ, গাদ্দাফির সমর্থকেরা নাশকতা সৃষ্টি করতে চায়। তবে বিপ্লবীরা কঠোরভাবে তাদের মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।’এনটিসি ও গাদ্দাফি বাহিনীর লড়াইয়ে ঘরবাড়ি, কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ভবনসহ নানা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়। এসব অবকাঠামো নির্মাণের পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান যেমন—বিচার ও শিক্ষাব্যবস্থা, দুর্নীতি দমন, ভঙ্গুর অর্থনীতিকে দাঁড় করানোসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে হচ্ছে এনটিসিকে। এই মহূর্তে এনটিসির জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হলো—সশস্ত্র সেই গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করা, যারা গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে এনটিসির সঙ্গে মিলে লড়াই করেছিল। নিজেদের স্বার্থের জন্য মাঝেমধ্যে এই সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘর্ষে জড়িয়ে পড়ছে।এসব চ্যালেঞ্জের মুখে লিবিয়ায় বন্দী নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে এনটিসি। অভিযোগ উঠেছে, বন্দীদের মধ্যে বিশেষ করে গাদ্দাফির সমর্থকদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালানো হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লিবিয়ায় গাদ্দাফিবিরোধী অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল প্রতিবেদন প্রকাশ করে। এতে জানানো হয়, লিবিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো দেশজুড়ে মানবাধিকার লঙ্ঘন করছে। তারা গাদ্দাফির সমর্থক বলে পরিচিত বন্দীদের ওপর নির্যাতন চালাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তা যুদ্ধাপরাধের পর্যায়ে পৌঁছে যাচ্ছে।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ উপদেষ্টা ডোনাটেলা রভেরা বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলোই লিবিয়ার বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করছে। অপরাধ করেও তারা পার পেয়ে যাচ্ছে। এতে তারা আরও অপরাধ করতে উৎসাহিত হচ্ছে। তাই তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।প্রতিবেদনে আরও বলা হয়, দেশটিতে আফ্রিকান অভিবাসী ও শরণার্থীদের ওপরও নির্যাতন চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠীগুলো। কোথাও কোথাও তাঁদের উচ্ছেদ করা হয়েছে। কিন্তু এসব বিষয়ে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি এবং এর জন্য দায়ীদের শনাক্ত করতে কোনো ব্যবস্থা নেয়নি। এএফপি।